মা, কে এসেছে? তোমাদের চাচা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।মা আর কে এসেছে। আরেকজন মেহমান এসেছেন। মেহমানের কথা শুনে তানা ও হিনা খুশিতে বিছানায় ছটপট শুরু করেন। মেহমান কে মা? আমি সাংবাদিক, প্রথম আলো পত্রিকার।তানার পুরো নাম সৈয়দা জান্নাতুল নাহার সুলতানা, হিনার সৈয়দা আইনুন নাহার সুলতানা। তাঁরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের সৈয়দ আমিরুল হোসাইন ও সৈয়দা মনরুজ বেগমের যমজ মেয়ে। ১৯৮৮ সালের ৪ জানুয়ারি তাঁদের জন্ম। জন্ম থেকেই দুজন অন্ধ। দুজনেরই সব পা বাঁকা। ২২ বছর ধরে বিছানায়। তবে তাঁরা বিছানায় বসতে পারেন। তাঁরা কেবল তরল খাবার খেতে পারেন। পরিবারের লোকজন জানান, সৈয়দ আমিরুল ১৯৭৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দা মনরুজ বেগমকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর এক মেয়ের জন্ম হয়। তিনি এখন স্বামীর সঙ্গে লন্ডনে। আমিরুলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সন্তান জন্মের পর পরই মারা যায়। এতে মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মনরুজ বেগম। দীর্ঘ চিকিৎসায় তিনি সুস্থ হন। এরপর তানা ও হিনার জন্ম হয়। যমজ দুই মেয়ে হওয়ায় বাবা-মা খুবই খুশি হন। কিন্তু পরে দেখা গেল দুই মেয়েই অন্ধ। তাদের পাও বাঁকা। শুরু হয় দুই মেয়ের চিকিৎসা। কয়েক লাখ টাকা খরচ করেন। কিন্তু কোনো লাভ হয়নি। এখন আবার তানার পেটে টিউমার হয়েছে। মা মনরুজ বেগম প্রথম আলোকে বলেন, প্রথম নয় বছর তাদের তরল খাবার খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়। বাকি ১৩ বছর সবজি আর ফলের রস। ভাত বা শক্ত খাবার হজম করতে পারে না তারা। তাদের খাবারের পেছনেই প্রতিদিন ২০০ টাকার বেশি খরচ করতে হয়। বাবা আমিরুল বলেন, যত দিন যাচ্ছে মেয়েরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, বিদেশে তাদের চোখের চিকিৎসা হতে পারে। কিন্তু এতো টাকা পাব কই। বাবা আমিরুলের বয়স ৬৭ বছর। তাঁর এখন একটাই চিন্তা, তানা ও হিনাকে এ অবস্থায় রেখে যদি মারা যান তাহলে তাদের কী হবে! তানা ও হিনার একমাত্র ছোট ভাই সৈয়দ মোফাছিরুল হোসাইন এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তানা-হিনার মেজো চাচা সৈয়দ ওয়াছিউল হোসাইন বলেন, দুই মেয়ে ও স্ত্রীর চিকিৎসার জন্য আমিরুল প্রায় আট কানি জমি বিক্রি করেছেন। ঋণও করেছেন অনেক টাকা। এখন বসতবাড়ি ছাড়া আর কিছু নেই। মাধবপুর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান মজুমদার বলেন, ‘ওদের কথা কেবলই জানলাম। ভবিষ্যতে সরকারি কোনো সাহায্য আসলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।’তানা ও হিনাকে সহায়তা করতে চাইলে: সৈয়দ আমিরুল হোসাইন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৭৫৯৮, সোনালী ব্যাংক, মাধবপুর শাখা, হবিগঞ্জ।