তরল দুধ পরিবহন হরতালের আওতামুক্ত রাখার আহ্বান
শিশুখাদ্য ও রোগীর পথ্য হিসেবে তরল দুধ পরিবহন হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
গতকাল রোববার চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে দুগ্ধ খামারিদের একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দুগ্ধ খামারিরা বলেন, পশ্চিম পটিয়ায় প্রায় ৫০০ দুগ্ধ খামারে প্রতিদিন প্রায় ৪৫ হাজার লিটার দুধ উৎপাদন করা হয়। কিন্তু এই দুধ সংরক্ষণের জন্য কোনো পূর্ণাঙ্গ কারখানা এখানে গড়ে ওঠেনি। শুধু সাড়ে সাত হাজার লিটার ক্ষমতার একটি দুধ শীতলীকরণ কারখানা রয়েছে। আবার হরতাল ও অবরোধের কারণে দুধ পরিবহন বন্ধ থাকায় খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ কারণে বাধ্য হয়ে ৩ ডিসেম্বর ডোবায় দুধ ঢেলে প্রতিবাদও জানিয়েছেন।
মতবিনিময় সভায় চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জামাল আহমেদ তরল দুধ পরিবহন হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণার জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, সৈয়দ ছগীর আহমেদ ও মো. জহুরুল আলম অংশ নেন। এ সময় পশ্চিম পটিয়ার কর্ণফুলী ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল করিম, সহসভাপতি মো. হারুন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী নাজিমুদ্দীন হায়দার অংশ নেন।