তরল দুধ মজুদ করছেন খুচরা ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের শুরুতে তরল দুধের দাম একটু বেশি থাকলেও সরবরাহে কোনো ঘাটতি ছিল না। কিন্তু রমজানের শেষে এসে বাজারে তরল দুধ নেই বললেই চলে। কোনো কোনো দোকানে দু-এক প্যাকেট পাওয়া গেলেও দাম লিটারপ্রতি ৬০ থেকে ৬২ টাকা। অথচ তা বিক্রি হওয়ার কথা ৫২ টাকায়।বাজারে মিল্ক ভিটা ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি আড়ং দুধ, প্রাণ দুধ ও ফার্ম ফ্রেশ দুধ পাওয়া যায়। এবারে রমজানের শুরুতেই এসব তরল দুধের সরবরাহ ছিল খানিকটা কম। তবে বাজারে মিল্ক ভিটার সরবরাহ ছিল পর্যাপ্ত। কিন্তু রমজানের শেষ দিকে এসে বাজারে তরল দুধের সংকট দেখা দিয়েছে। এই সংকট কৃত্রিম বলে জানা গেছে।সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লার অধিকাংশ মুদি দোকানেই তরল দুধ নেই। দোকানদারদের এক কথা—‘সাপ্লাই নেই।’ কিছু দোকানে অল্প তরল দুধ থাকলেও দোকানিরা বিক্রি করছেন এক লিটার ৬০ বা ৬২ টাকায়। আর আধা লিটারের প্যাকেট ৩২ থেকে ৩৪ টাকা।মিল্ক ভিটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাজারে মিল্ক ভিটার সরবরাহ ঈদের আগের দিন পর্যন্ত থাকবে।’ তিনি আরও জানান, ঢাকায় প্রথম রোজা থেকে দিনে গড়ে তিন লাখ লিটার তরল দুধ সরবরাহ করা হয়েছে। এখন শেষের দিকে পৌনে চার লাখ লিটার দুধ সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ঈদের আগের দিন চার লাখ লিটার মিল্ক ভিটা সরবরাহের নিশ্চয়তা দেন তিনি।খোঁজ নিয়ে জানা গেছে, রমজানের চেয়ে ঈদের দিনগুলোতে তরল দুধের চাহিদা বেশি থাকে। তাই দোকানিরা বেশি বেশি তরল দুধ কিনে মজুদ করছেন, যাতে করে ঈদের সময় বেশি দামে বেচে বাড়তি কিছু লাভ করতে পারেন।বাসাবোর খোকন জেনারেল স্টোরের মালিক রাশেদ হাসান জানান, তিনি গত কয়েক দিনে মিল্ক ভিটা না বেচে আড়াই হাজার লিটার মজুদ করেছেন, শুধু ঈদের আগের দিন বেশি দামে বিক্রির জন্য। রাশেদ বলেন, ‘সবাই মিল্ক ভিটা মজুদ করতাছে। ঈদের আগের দিন ৭৫-৮০ টাকায় লিটার বেচুম।’বাসায় তিনটি রেফ্রিজারেটরে মিল্ক ভিটা মজুদ করেছেন সিদ্ধেশ্বরীর এক ব্যবসায়ী। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, ‘আমি কাস্টমারের কাছে বেচব না। ঈদের আগের দিন ও ঈদের দিন মিল্ক ভিটার সাপ্লাই থাকবে না। পাড়ার দোকানগুলোতে তখন ৬০-৬৫ টাকায় লিটার সাপ্লাই দেব।’বেড়েছে গুঁড়া দুধের দামও: গুঁড়া দুধ দিয়ে ঈদে তরল দুধের সংকট মোকাবিলা করারও উপায় নেই। কারণ, গত এক মাসে গুঁড়া দুধের দামও বেড়েছে। মাস খানেক আগে যেখানে এক কেজি ডানো দুধের দাম ছিল ৪৯০ থেকে ৫০০ টাকা, তা এখন বিক্রি হচ্ছে ৫৩৫ থেকে ৫৪০ টাকায়।খুচরা দোকানিরা বলছেন, একই পরিমাণ ওজনের মার্কস দুধের দাম ৪৪৫ থেকে ৪৫০, ফ্রেশ ৪৪০ থেকে ৪৪৫ ও ডিপ্লোমা ৫১০ থেকে ৫২০ টাকা। সব ধরনের গুঁড়া দুধের দাম এক মাসে অন্তত ২০ টাকা পর্যন্ত বেড়েছে।