তরল বর্জ্যে দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলের বর্জ্যে জেলার দুটি পৌরসভা ও তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার ২৩টি গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম চিনিকলের বর্জ্যমিশ্রিত পানিতে ক্ষতিকারক কিছু নেই বলে দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের জন্য ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই প্রস্তাবিত স্থান পরিদর্শন করে গেছেন। নকশাসহ প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ পেলে ইটিপি নির্মাণ করে এ সমস্যার সমাধান করা হবে।
জয়পুরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আতাউর রহমান জানান, দূষিত ও দুর্গন্ধময় বর্জ্যের কারণে মানুষের ফুসফুস ও সংক্রামক চর্মরোগ হতে পারে। এ ছাড়া মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় এগুলোর মাধ্যমে বিভিন্ন রোগজীবাণু ছড়ায়।
জয়পুরহাট শহরে ১৯৬৩ সালে দেশের বৃহত্তম চিনিকল প্রতিষ্ঠিত হয়। চিনিকলটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ইটিপির কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে এর বর্জ্যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। চিনিকলের বর্জ্য জয়পুরহাট শহরের সাহেবপাড়ার মধ্য দিয়ে একটি বড় নর্দমার মাধ্যমে গিয়ে পড়ে সদর উপজেলার তেঘর বিশা গ্রামসংলগ্ন শ্রী নদীতে। ওই নদীপথে বর্জ্য গিয়ে পড়ে আক্কেলপুর উপজেলার সোনামুখী খেয়াঘাটের তুলসীগঙ্গা নদীতে। চিনিকলে আখমাড়াই মৌসুমের শুরু থেকে বর্ষার আগ পর্যন্ত প্রায় ছয় মাস নদীতে দূষিত পচা পানি থাকে। ফলে জয়পুরহাট পৌরসভার বুলুপাড়া, তাজুর মোড়, সাহেবপাড়া, শান্তিনগর ছাড়াও জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদবাগ ও জামালপুর, ক্ষেতলালের মাহমুদপুর এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ও সোনামুখী ইউনিয়নের অন্তত ২৩টি গ্রামের মানুষ মশা, মাছি ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে।
সদর উপজেলার শ্রী নদীসংলগ্ন তেঘর বিশা গ্রামের লুৎফা বেগম এবং একই এলাকার দশম শ্রেণির ছাত্র রিমন হোসেন জানায়, মশা-মাছি আর দুর্গন্ধে মনে হয় না বাড়িতে থাকি। চার-পাঁচ মাস চিনিকলের বর্জ্যের গন্ধে বাড়িতে কোনো আত্মীয় আসতে চান না। খেতে বসলে দুর্গন্ধে খাবার রুচি নষ্ট হয়ে যায়। একই ধরনের কথা জানান আক্কেলপুর উপজেলার শ্রী নদীতীরবর্তী পূর্ব রাজকান্দা গ্রামের রেজিয়া বানু ও স্কুলছাত্র রমজান আলী। তেঘর বিশা গ্রামের কৃষক আলম হোসেন বলেন, চিনিকলের দুর্গন্ধময় বর্জ্য-পানি শ্রী নদীতে পড়ার কারণে সেই পানিতে পা ভিজে মাঠে যাতায়াত করতে হয়। পচা পানির কারণে পায়ে চুলকানিও হয়। পা সাবান দিয়ে ধোয়ার পরও গন্ধ যায় না।
আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন বলেন, বর্জ্যের দূষিত পানি দিয়ে সেচকাজ করলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
আক্কেলপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইদুর রহমান কবিরাজ বলেন, তিন বছর আগে জয়পুরহাট চিনিকলে তরল বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও আজ পর্যন্ত তা স্থাপন করা হয়নি।
জয়পুরহাট পৌরসভার মেয়র আবদুল আজিজ মোল্লা জানান, চিনিকলের বর্জ্য সাহেবপাড়া ও শান্তিনগর এলাকার ভেতর দিয়ে একটি নর্দমার মাধ্যমে শ্রী নদীতে পড়ে। ওই এলাকার মানুষ খুব কষ্টে বাস করে। গত বছরের জানুয়ারি মাসে পরিবেশদূষণের বিষয়টি বন্ধ করার জন্য চিনিকল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে জেলা সমন্বয় কমিটিতে একাধিকবার আলোচনা হলেও এ বিষয়ে শুধু কালক্ষেপণ করা হচ্ছে।