যশোরে নাশকতা ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম তদন্ত শেষে গতকাল বুধবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
তদন্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ১৩ জন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। আটক ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যশোর পৌরসভার মেয়র ও বিএনপির নগর কমিটির সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রমুখ। অভিযোগপত্রে তরিকুলসহ ৪০ জনকে পলাতক দেখানো হয়েছে। ছয়জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি গভীর রাতে যশোর-মগুরা জাতীয় মহাসড়কের সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় সন্ত্রাসীরা যাত্রীবাহী বাসে আগুন দেয়।