তরুণদের ব্যবসা-বাণিজ্যে উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগং কসমোপলিটন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং কসমোপলিটনের সভাপতি শিহাব মালেক। এ সময় বক্তব্য দেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহসভাপতি নিয়াজ মোর্শেদ, পরিচালক রাইসুল উদ্দিন সৈকত, জেসিআই চিটাগং কসমোপলিটনের সহসভাপতি জসীম আহমেদ, গিয়াস উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নিয়াজ মোর্শেদ বলেন, প্রস্তাবিত বাজেটে তরুণদের জন্য কোনো প্রণোদনা নেই। ফলে তাঁরা ব্যবসাবিমুখ হচ্ছেন। তাঁদের রক্ষার জন্য নীতিমালা তৈরি করতে হবে। তিনি বলেন, সারা দেশে গ্যাস সরবরাহ আছে। কিন্তু গ্যাসের অভাবে চট্টগ্রামের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম সব সময় বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে শিহাব মালেক বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ খাত থেকে ব্যাপক হারে ঋণ গ্রহণ করবে। এতে দেশের ঋণপ্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হবে। আর ঋণপ্রবাহে নেতিবাচক প্রভাব পড়লে বেকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হবে।