তরুণ উদ্যোক্তাদের শীতের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির ১০/এ–এর ৫০ নম্বর বাড়িতে ১০ দিনব্যাপী তরুণ উদ্যোক্তাদের ​দেশি পণ্যের মেলা চলছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ধানমন্ডির ১০/এ–এর ৫০ নম্বর বাড়িতে ১০ দিনব্যাপী তরুণ উদ্যোক্তাদের ​দেশি পণ্যের মেলা চলছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

আয়োজনের নাম ‘উইন্টার মিট-আপ’। অর্থাৎ শীতের দেখা-সাক্ষাৎ। দেশি পণ্য নিয়ে তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করেছে বাংলাদেশি লাইফস্টাইল ব্র্যান্ড ‘এমআইবি স্পিরিট-মেড ইন বাংলাদেশ’।
ধানমন্ডির ১০/এ নম্বর রোডে এমআইবির প্রধান কার্যালয়ে এই মেলা চলছে। নামের মতো আয়োজনটাও একটু অনানুষ্ঠানিক। গতকাল সোমবার গিয়ে দেখা যায়, পুরোনো খবরের কাগজ দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। এক পাশে চলছে আলোকচিত্রী অনিক রহমানের তোলা ছবির প্রদর্শনী। এর মধ্যেই ছড়িয়ে-ছিটিয়ে একটি প্রতিষ্ঠানের একেকটি কর্নার। চলছে খাওয়াদাওয়া, কেনাবেচা, আড্ডা।
এমআইবি স্পিরিটের তৃতীয় আয়োজন এটি। শুরু হয়েছে ৫ জানুয়রি। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে খালেদ মাহমুদ বলেন, দেশি পণ্য নিয়ে কাজ করছেন, এমন সব তরুণ উদ্যোক্তার নিজেদের মধ্যে চেনাশোনা বাড়ানো এবং ভোক্তাদের কাছে এই পণ্য পৌঁছে দিতেই তাঁদের আয়োজন। তিনি বলেন, ‘দেশে বর্তমানে বিদেশি পণ্যের যে বাজার তৈরি হয়েছে, তার বিপরীতে এমআইবি কাজ করছে। আমরা সমমনাদের নিয়ে একটি বিকল্প ইন্ডাস্ট্রি ও দেশি পণ্যের বাজার তৈরির চেষ্টা করছি। মিট-আপ হচ্ছে সেই যোগাযোগের প্ল্যাটফর্ম।’
এ মেলার দুটি পর্ব। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে অংশ নেয় ১২টি প্রতিষ্ঠান। গতকাল ছিল প্রথম পর্বের শেষ দিন। সকাল থেকেই ‘ক্লে স্টেশন’-এর কর্নারে ছিল দর্শনার্থীদের ভিড়। পাঁচ শ টাকার বিনিময়ে কুমারের চাকায় নিজ হাতে মৃৎপাত্র তৈরির সুযোগ ছিল সেখানে। ছোটদের জন্য ছিল মাটির হাতি-ঘোড়া, হাঁড়ি-পাতিল বানাতে শেখার ব্যবস্থা। প্রশিক্ষক রবিউল ইসলাম দেখিয়ে দিচ্ছিলেন, কীভাবে কী করতে হবে। তিনি বললেন, ‘ক্লে স্টেশন’ একটি ওপেন স্টুডিও। ক্রেতারা যাতে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী নিজ হাতে তৈরি করতে পারেন, তাঁরা সেই সুযোগ করে দিচ্ছেন।
গয়নার দোকান ‘মিহি’তে সাজানো ছিল আতরের শিশির আদলে তৈরি লকেট-কানের দুল। ছিল প্যাঁচা-মাছের নকশা আঁকা টিপ। দাম ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। মেলায় আসা ক্রেতা জাকিয়া তাসনিম বললেন, ‘এই আয়োজন অন্য সব মেলা থেকে আলাদা। দামও নাগালের মধ্যে।’
আজ মেলা থাকবে না। তবে তার বদলে সন্ধ্যায় থাকবে জ্যাজ গান। পরিবেশন করবে ঢাকার তিনটি ব্যান্ড। মেলার দ্বিতীয় পর্ব ১৩টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হবে কাল থেকে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।