তরুণ ও তরুণী ছুরিকাহত
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক তরুণীকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাঁরা কীভাবে জখম হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
আহত তরুণের নাম সিফাত উল্লাহ (২৬)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার পশ্চিম আমলাবাড়ি এলাকায়। আহত তরুণী হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার রমজান আলীর মেয়ে সেলিনা খাতুন (২৩)। সেলিনা পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লেখকের কাজ করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মজমপুর এলাকার সকাল-সন্ধ্যা গলিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাড়ি আছে। বাড়িটির নাম ইমাম লজ। ওই বাড়িতে ছাত্ররা ভাড়া থাকেন। বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে কেউ থাকছেন না। ইমাম লজের সামনের এক মেসে রান্নার কাজ করেন চম্পা খাতুন। তিনি প্রথম আলোকে জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এক তরুণী রক্তাক্ত অবস্থায় ওই বাড়ির ভেতর থেকে বের হয়ে তাঁকে মেরে ফেলা হচ্ছে বলে চিৎকার করতে থাকেন। এ সময় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। বাড়টির ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সিফাত নামের এক তরুণকে। তাঁকেও ওই হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে তাঁদের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা হাসপাতালে গিয়ে জানান, সিফাতের মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সেলিনার গলা কেটে গেছে। দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
সেলিনার মামা নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সেলিনা কুষ্টিয়ায় তাঁর এক মামাতো বোনের বাড়িতে বেড়াতে যান। সেলিনার আহত হওয়ার কথা তিনি শুনেছেন।
কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা (ডিআইও-১) তাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, সিফাতের সঙ্গে সেলিনার সম্পর্ক রয়েছে। সেলিনা ও সিফাতের মধ্যে বাগ্বিতণ্ডার কোনো ঘটনায় একে অপরকে আঘাত করে থাকতে পারেন বা অন্য কেউ তাঁদের ওপর হামলা চালিয়ে আঘাত করে পালিয়ে গেছে।