তরুণ কবি-লেখকের হাতে কালি ও কলম পুরস্কার
মানুষ প্রতিনিয়ত সুখ-দুঃখ, আনন্দ-বেদনার মধ্যে জীবনের ছন্দ খুঁজতে থাকে। কিন্তু প্রাপ্তির ভান্ডারে কতটাই বা জমে? চাওয়া-পাওয়ার সমীকরণ মেলাতে গিয়ে আধুনিক মানুষ একসময় নিঃসঙ্গ হয়ে পড়ে, হয়ে ওঠে অন্য রকম। নবীন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল সমকালীন মানুষের এই বোধকে রূপায়ণ করেছেন তাঁর অন্ধ জাদুকর উপন্যাসে। এ জন্য তিনি পেলেন ‘এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০০৯’। আমি ও বাঘারু কাব্যগ্রন্থের জন্য আহমেদ মুনির এবং একাত্তরের গণহত্যা: রাজধানী থেকে বিয়ানীবাজার মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাগ্রন্থের জন্য আজিজুল পারভেজ এ পুরস্কার পেয়েছেন।গতকাল শুক্রবার জাতীয় জাদুঘর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে এইচএসবিসি ব্যাংক এবং সাহিত্য পত্রিকা কালি ও কলম ‘তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রবর্তন করেছে। মৌলিক কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা—তিনটি বিভাগে তরুণদের এ পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হলো। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বিজয়ী তিন তরুণের নাম ঘোষণা করেন। তরুণ লেখকদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ। আলোচনায় অংশ নেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক,কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের তরুণ কবি ও লেখকেরা দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও জীবনাচরণকে তুলে ধরার জন্য তাঁদের সৃজনীশক্তিকে সমৃদ্ধ করে চলেছেন। সমকালীন তরুণদের লেখার মধ্যে নিরীক্ষার স্ফুরণ দেখা যায়। সময়কে নানা কৌশলে ধরার জন্যও তাঁরা উদ্গ্রীব। তরুণ লেখকদের এই উৎসাহকে আরও বেগবান করার জন্য এ পুরস্কার প্রশংসনীয়।শিল্পকলায় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় প্রবেশ করতেই চোখে পড়বে এক অভিনব দৃশ্য। কিছু মানুষের শরীর উল্টো করে ঝোলানো। এই শিল্পকর্মের শিরোনাম ‘বদ্ধ সমাজের প্রতিচ্ছবি’। আরও খানিকটা এগিয়ে গেলে দেখা যাবে, শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত মানবজীবনের নানা পর্যায়। এ শিল্পকর্মটির নাম ‘অন্তহীন যাত্রা’। চারদিকে এমন বিচিত্র শিল্পকর্মের সমাহার নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে সপ্তদশ নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী।বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে তিনি বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন। একাডেমীর সচিব কমল কান্তি বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও শিল্পী কাইয়ুম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন। এবার শ্রেষ্ঠ নবীন শিল্পী চারুকলা পুরস্কার পেয়েছেন ‘নিজের সামনে ১’ নামের শিল্পকর্মের জন্য কামালুদ্দিন। চিত্রকলা বিভাগে ‘কোয়েস্ট ফর সোল ৪’-এর জন্য বিশ্বজিত্ গোস্বামী। ভাস্কর্যে ‘মৎসাশন’-এর জন্য সৈয়দ তারেক রহমান। ছাপচিত্রে ‘সার্চিং ফর মিসড মিস্ট্রি হ্যাপিনেস’-এর জন্য আবু নাসের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন।প্রদর্শনীতে ১৫৬ জন শিল্পীর ১৭৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন প্রদর্শনী চলবে বেলা ১১টা থেকে রাত আটটা এবং ছুটির দিন বেলা তিনটা থেকে রাত আটটা।শ্রোতাদের গানে গানে মাতালেন প্রতুল যশোর অফিস জানায়, ‘তোর চোখে কেন জলের ধারা/ দুশমনেরে রুখতে তোর এক পুত্র দিল প্রাণ/ কে বলে তুই সন্তান হারা...।’ যন্ত্রের সংযোগ ছাড়াই কণ্ঠের জাদুতে এ গানের সুরে যশোরের শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন প্রখ্যাত গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।গতকাল সন্ধ্যায় যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল) বসেছিল প্রতুল মুখোপাধ্যায়ের গানের আসর। তিনি ভরাট গলায় একের পর এক গেয়ে গেলেন ‘কী আমাদের জাত, আর ধর্মই বা কী/ মাটি ছেনে যখন ইটের পাঁজা বানাচ্ছি, জন্মিলে মরিতে হবে জানে তো সবাই/ তবু সব মরণ নয় তো সমান—এসব গান গাওয়ার ফাঁকে ফাঁকে গানের প্রেক্ষাপট বর্ণনা করেন তিনি।বাংলাদেশ সফরের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতুল মুখোপাধ্যায় বলেন, ‘যে ভালোবাসা এ দেশের মানুষ আমাকে দিয়েছে তা চিরজন্মের। এখন আমার শেষ সময়ের ভাঙা গলার গান শুনতে এখানকার মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে বারবার মনে হয়, গলায় যখন তেজস্বী ভাব ছিল, তখন কেন এলাম না।’বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যশোর জেলা শাখার আয়োজনে এই গানের আসরে বক্তব্য দেন ভারতের ভাষা-সংস্কৃতি-স্বাধিকার মঞ্চের সাধারণ সম্পাদক রতন বসু মজুমদার। স্বাগত বক্তব্য দেন যশোর উদীচীর সভাপতি সুকুমার দাস। পরে যশোরের বিভিন্ন সংগঠনের নেতারা প্রতুল মুখোপাধ্যায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।