‘গবেষণাটি যখন আমরা শুরু করি, তখন সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা যদি পাটের জিনোম সিকোয়েন্সিং (জীবনরহস্য) উন্মোচন করতে না পারি, তাহলে অন্য প্রতিযোগী দেশ তা করে ফেলবে। আমাদের সোনালি আঁশ পাটের স্বত্ব অন্য দেশ নিয়ে যাবে।’ পাটের জীবনরহস্য উন্মোচনকারী গবেষক দলের তরুণ বিজ্ঞানী নুসরাত শাম্মু এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাটের জীবনরহস্য উন্মোচনকারী গবেষক দলের প্রধান মাকসুদুল আলম নুসরাতসহ অন্য গবেষকদের পরিচয় করিয়ে দেন। গবেষণা উদ্যোগ ‘স্বপ্নযাত্রা’র সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা পাটের জীবনরহস্য উন্মোচনের সুফল দ্রুত কৃষকের হাতে পৌঁছে দিতে কাজ করবেন বলে জানান। মাকসুদুল আলম স্বপ্নযাত্রার ৩৫ জন তরুণ গবেষককে পরিচয় করিয়ে দিতে গিয়ে বললেন, পাটের জীবনরহস্য উন্মোচনের সুফল কৃষকের হাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত এই তরুণদের ধরে রাখতে হবে। গবেষকেরা যাতে দেশের জন্য কাজ করতে পারেন, সে জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা প্রয়োজন।গবেষক দলের সদস্য সামিউল হক বললেন, বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, তাই পাট পচানোর জন্য আগের মতো পানি পাওয়া যাচ্ছে না। জীবনরহস্য উন্মোচনের ফলে পাটের এমন জাত উদ্ভাবন করা যাবে, যাতে কম পানিতে পাট পচবে। লবণাক্ত এলাকায় পাট চাষ করা যাবে।মাকসুদুল আলম গবেষকদের দেশপ্রেমের উদাহরণ দিতে গিয়ে বলেন, গবেষণা চলাকালে একজন গবেষক একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেয়েছিলেন। কিন্তু গবেষণা শেষ না করে অন্য কোথাও যাবেন না—এই প্রতিজ্ঞার কারণে তিনি আর যাননি।পাট নিয়ে গবেষণাকারী অন্য দেশগুলোর অর্থ ও কারিগরি জ্ঞান বেশি। তাদের সঙ্গে বাংলাদেশ পেরে উঠবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মাকসুদুল বলেন, মালয়েশিয়ার জাতীয় আয়ের ৪০ শতাংশ রাবার থেকে এলেও দেশটি অনেক টাকা খরচ করে এখনো রাবারের জিনোম সিকোয়েন্সিং বের করতে পারেনি। ১৪টি মন্ত্রণালয় রাবার নিয়ে কাজ করলেও সঠিক নেতৃত্বের অভাবে তা আর এগোয়নি। তাই অর্থের পাশাপাশি এখানে সঠিক নেতৃত্ব ও দেশপ্রেম দরকার।