নেতা হতে স্বতন্ত্রতা চাই। দেশপ্রেম, সততা, নিষ্ঠা আর দক্ষতা মানুষকে সেই স্বতন্ত্রতা দিতে পারে। বাংলাদেশের তরুণেরা অমিত সম্ভাবনাময়। দেশ তাদের কাছ থেকে সঠিক নেতৃত্ব প্রত্যাশা করে।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত যুব নেতৃত্ব সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রথিতযশা ব্যক্তিত্বরা এভাবে উদ্বুদ্ধ করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে চার শ তরুণকে। ইয়ুথ লিডারশিপ সেন্টার বাংলাদেশ (বিওয়াইএলসি) তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। বিভিন্ন ক্ষেত্রে সফল ৫০ ব্যক্তিত্বের কাছ থেকে নেতৃত্বের পাঠ নেওয়ার সুযোগ পাবেন তরুণেরা।সাহিত্যিক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ তরুণদের উদ্দেশে বলেন, ‘নেতাকে সবার চেয়ে আলাদা হতে হবে। কারও আনুগত্য নয়, নেতাকে নিজের বিবেক-বিচার-বুদ্ধি আর মনুষ্যত্বের ওপর আস্থা রাখতে হবে।’ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘একুশ শতক মুক্তমনাদের জন্য। প্রত্যেক তরুণকে স্বপ্ন দেখতে জানতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য মুক্ত মন নিয়ে এগোতে হবে। সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। অন্যের কৃষ্টি, সংস্কৃতি ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ তরুণদের অমিত শক্তির আধার বলে মনে করেন। তাঁর মতে, পল্টনে শুধু রাজনৈতিক বক্তব্য দিলেই নেতা হওয়া যায় না, সব ক্ষেত্রেই নিজের যোগ্যতা দেখাতে হবে।মুক্তিযোদ্ধা ও অভিনেতা আলী যাকের ১৯৪৮ সাল থেকে ১৯৭১ পর্যন্ত সময়ে তরুণদের ভূমিকার কথা শোনান। তিনি বলেন, ‘১৯৭১ সালে আমার বাবা, চাচা রুখে দাঁড়াননি। আমি রুখে দাঁড়িয়েছিলাম। আমি ছিলাম তরুণ। প্রবীণ নেতারা তখন তরুণদের কথা মেনে নিতেন।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নেইল ওয়াকার, বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, সিটি এয়ারের পরিচালক (লিডারশিপ ডেভেলপমেন্ট) ম্যাক্স ক্লু, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কুয়েনার প্রমুখ। সম্মেলন আয়োজনে সহযোগিতা করেছে ডেইলি স্টার ও রহিমআফরোজ।