‘শাহবাগের বর্তমান চিত্র প্রমাণ করে, মানবতাবিরোধী অপরাধের শাস্তির দাবিতে আপামর জনতা আজ একমত।’গতকাল শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে সাবেক সেনাপ্রধান লে. জে. এম হারুন-উর-রশীদের লেখা জার্নি টু ফ্রিডম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ কথা বলেন। বইটির প্রকাশক সাহিত্য প্রকাশ এর আয়োজন করে।মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার আরও বলেন, ‘শাহবাগের ওইসব তরুণের উত্তাল আন্দোলনে দেশ থেকে মুক্তিযুদ্ধবিরোধী যাবতীয় অপশক্তি দূর হয়ে যাবে।’মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে হলে বেঁচে থাকা প্রত্যেক মুক্তিযোদ্ধাকে তাঁর নিজস্ব অভিজ্ঞতা লিখে যেতে হবে।’ বইটির ওপর আরও আলোচনা করেন মুক্তিযুদ্ধ গবেষক কাজী সাজ্জাদ আলী।মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাহিত্য প্রকাশের স্বত্বাধিকারী মফিদুল হক আশা প্রকাশ করে বলেন, বইটি মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হবে।অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।