তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে তামাকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে হবে। এ ব্যাপারে অভিভাবকদের সজাগ থাকতে হবে।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালিত হয়েছে।
মোহাম্মদ নাসিম চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রোগী দেখার সময় বলবেন, তাঁরা যদি ধূমপান করে তাহলে তাঁদের সেবা দেওয়া হবে না। আপনাদের এই ধরনের সতর্কবার্তা সাধারণ মানুষের মধ্যে ধূমপানভীতি তৈরি করবে।’
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান প্রমুখ বক্তব্য দেন।
আনিসুজ্জামানকে মানস পদক প্রদান: মাদকবিরোধী সংগঠন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ২০১৫ সালের জন্য অধূমপায়ী ব্যক্তিত্ব হিসেবে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে মানস পদক প্রদান করেছে। গতকাল শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে মানস আয়োজিত সেমিনারে এ পদক তুলে দেওয়া হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সরকার তামাকবিরোধী যে আইন করেছে, সেটির যথাযথ প্রয়োগ হলে ধূমপায়ীর সংখ্যা অনেক কমে যাবে।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ধূমপান ও অন্যান্য তামাকের অপকারিতা সম্পর্কে সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ প্রমুখ।