তরুণ প্রজন্মকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে: আরেফিন সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
গতকাল শনিবার ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের চার বছর পূর্তির অনুষ্ঠানে উপাচার্য এই আহ্বান জানান। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ হত্যার মাধ্যমে যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য তরুণ প্রজন্মকে আরও বেশি পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলতে হবে।
এইচ টি ইমাম সরকারের নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে যে শহীদেরা তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশমাতৃকাকে স্বাধীন স্বার্বভৌম দেশের মর্যাদা এনে দিয়েছেন, তা যেন আজীবন আমরা মনে রেখে আমাদের সামনের দিনগুলো আরও সুন্দর করতে পারি।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য ডিজিটাল বাংলাদেশের কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ কর্মকর্তাদের তথ্যপ্রযুক্তিতে আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে ৩১তম বিসিএস ক্যাডারের পাঁচজন নবীন কর্মকর্তার পাঁচটি বইয়ের এবং ক্যাডার অ্যাসোসিয়েশন প্রকাশিত স্যুভিনিরের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বইগুলো হলো কবি আল-হাদীর কাব্যগ্রন্থ ‘দ্বিতীয় সময়’, কবি ও ছড়াকার নাজমা পারভিনের কাব্যগ্রন্থ ‘অদ্ভুত এইসব হালচাল’, লেখক ওয়াদুদ খানের উপন্যাস ‘ফ্যান্টাসি’, কবি কামরুজ্জামান কামরুলের কাব্যগ্রন্থ ‘একলা শালিক’ ও কবি জাহাঙ্গীর কবির জুয়েলের কাব্যগ্রন্থ ‘মোহমায়া’।