তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান তরুণ প্রজন্মের মেধা ও কল্পনাশক্তির ক্ষয় রোধে দেশের নবীন স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভাষণদানকালে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি বলেন, ‘স্নাতকদের (গ্র্যাজুয়েট) এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মেধার স্বাক্ষর রেখে নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারেন।’সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মোট ৯৫৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয় শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেন।রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহুসংখ্যক ছাত্রছাত্রী সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেরিয়ে আসছে। তাঁদের মেধা বা যোগ্যতার কমতি নেই। তা সত্ত্বেও দেশে কর্মবাজার সে অনুপাতে সম্প্রসারিত না হওয়ায় বহু গ্র্যাজুয়েট বেকার হয়ে পড়ছেন।জিল্লুর রহমান বলেন, বেকারত্ব ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কারণ, এ থেকে জন্ম নেয় হতাশা, যা মানুষের চিন্তা ও সৃজনশীলতার জগেক ধ্বংস করে। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলো গুণগত, মানসম্মত ও বাস্তবধর্মী শিক্ষা প্রদানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা আজ গ্র্যাজুয়েট, দেশের উচ্চপর্যায়ের মানবসম্পদ। মনে রাখবেন, এই আনুষ্ঠানিক স্বীকৃতি আপনাদের দায়িত্বও অর্পণ করছে। সেই দায়িত্ব আপনার পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং দেশ ও জাতির প্রতি।’ তিনি বলেন, ‘আপনারা হবেন সমাজ, দেশ ও জাতির আদর্শ, জাতি গঠনের শ্রেষ্ঠ কারিগর।’শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।এতে আরও বক্তৃতা করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ শরীফ ও পরিচালনা পর্ষদের সভাপতি জালাল উদ্দিন আহমদ।শিক্ষামন্ত্রী বলেন, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের বাণিজ্যিকীকরণ রোধের পাশাপাশি মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি খসড়া আইন প্রণয়ন করেছে।