তরুণ প্রজন্মের মুখে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বর্ণনা
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিরিনা আক্তার। একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ের একটি ঘটনা এমনভাবে বলছিল, যেন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সে।
শিরিনার মতো তরুণ প্রজন্মের আরও চারজন বলেছে মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার কথা। একেবারে প্রত্যক্ষদর্শীর বর্ণনা। অথচ ওই সময়ে তাদের কারও জন্মই হয়নি। তারা সবাই এখন শিক্ষার্থী। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের এই গল্প শোনাল তারা।
মানবাধিকার দিবস ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিন ছিল গতকাল। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত গতকালের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ভাষ্য পাঠ অংশে এসব গল্প শোনায় তরুণ প্রজন্ম।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি স্থপতি রবিউল হুসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রত্যক্ষদর্শীর ভাষ্য পাঠ অংশে গল্প শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সানোয়ার হোসেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার চৌধুরী আদর্শ মহিলা কলেজের ছাত্রী সমাপ্তি সরকার, পিরোজপুরের সরকারি কে জি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিমুল হাওলাদার এবং নেত্রকোনার শ্যামপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্রী স্বর্ণা আকতার।
সানোয়ার হোসেন ও সমাপ্তি সরকার বাবার কাছ থেকে শোনা, শিমুল হাওলাদার দিদিমার কাছ থেকে এবং স্বর্ণা আকতার চাচার কাছ থেকে শোনা মুক্তিযুদ্ধের গল্প শোনাল উপস্থিত শ্রোতাদের।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য পাঠের পর দলীয় আবৃত্তি করে ‘মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র’, দলীয় সংগীত পরিবেশন করে ‘বহ্নিশিখা’ ও একক সংগীত পরিবেশন করেন আরিফ রহমান।
আব্দুল্লাহ মেমোরিয়াল হাইস্কুল ও মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে দলীয় সংগীত ও নৃত্য। অনুষ্ঠানের সমাপ্তি হয় অধ্যাপক মমতাজ উদদীন আহমদ রচিত পথনাটক বর্ণচোরা পরিবেশনের মধ্য দিয়ে।