তরুণ প্রজন্মের মুখোমুখি প্রার্থীরা

মেয়র নির্বাচিত হলে ঢাকাকে নিউইয়র্ক সিটির আদলে গড়ে তোলা, সিটি করপোরেশনে ‘ইয়ুথ স্ট্যান্ডিং কমিটি’ গঠন, স্ট্রিট লাইটের নিচে উপন্যাস পড়ার সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিলেন প্রার্থীরা। আর প্রার্থীদের প্রায় সবাই দুর্নীতিমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল বুধবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থীরা তরুণ প্রজন্মের মুখোমুখি হয়ে এসব অঙ্গীকার করেন। প্রার্থী ও তরুণদের মধ্যে এ সেতুবন্ধ গড়ে দেয় ইউএনডিপি, বাংলাদেশ। মোট ১২ জন প্রার্থী তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।
মেয়র পদপ্রার্থীদের সামনে একটি মাটির হাঁড়ি ঘুরছে। মেয়র পদপ্রার্থীরা হাঁড়ি হাতড়ে মিষ্টি নয়, পেলেন তরুণদের কাছ থেকে আসা তেতো প্রশ্ন। প্রশ্ন পাওয়ার পর উত্তর দেওয়ার জন্য একেক জন প্রার্থী হাতে মাত্র তিন মিনিট সময় পান। একসময় হাঁড়িটি যায় তরুণদের কাছে। যে মেয়র প্রার্থীর নাম লেখা কাগজ পায়, সেই প্রার্থীকেই প্রশ্ন করার সুযোগ মেলে। সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াকিন্স ঢাকার সমস্যা সমাধান মেয়র প্রার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।
‘তারুণ্যের ভাবনায় ঢাকা, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনী সংলাপ’ শীর্ষক এ সভা থেকে দল বিবেচনা না করে তরুণেরা যাতে যোগ্য প্রার্থীকে বেছে নেন, সেই আহ্বানও জানান প্রার্থীরা। উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হকসহ চারজন প্রার্থী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন না। তবে উপস্থিত প্রার্থীদের অনেকেই আনিসুল হকের নাম ধরে তাঁকে ‘হেভিওয়েট প্রার্থী’ বলে আখ্যায়িত করেন এবং উপস্থিত না থাকায় সমালোচনা করেন।
মো. আনিসুজ্জামান খোকন বলেন, ‘যাঁরা মেয়র হবেন তাঁরা আসেননি। আপনাদের কথা শোনার সময় তাঁদের নেই।’ তাঁর এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন কাজী মো. শহীদুল্লাহ। তিনি বলেন, ‘যাঁরা মেয়র হবেন মানে কী? আমাদের মধ্যেই কেউ মেয়র হবেন। এখন এক মিনিটের মূল্য অনেক। মেয়র হমু না, আর পোস্টার লাগাইলাম। এমুন বেহুদা সময় আমার নাই।’
মাহী বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এখানে সব মেয়র প্রার্থী উপস্থিত হতে পারেননি। হেভিওয়েট প্রার্থী আনিসুল হক তরুণদের ফেস করতে চাচ্ছেন না।’
হিমেল নামের একজন তরুণ শেখ মো. ফজলে বারী মাসউদের কাছে মেয়র হওয়ার আগে তাঁকে দেখা যাচ্ছে, মেয়র হলে দেখতে পাওয়া যাবে কি না, সে প্রশ্ন করেন। এই প্রার্থী আশ্বাস দিলেন, মেয়র হলেও তাঁর দেখা মিলবে।
তাবিথ আউয়ালের প্রতীক বাস। তাঁর কাছে রাজধানীর পাবলিক বাসের নানান সমস্যা নিয়েই প্রশ্ন করা হয়। তাবিথ আউয়াল গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, শিশুসহ সবার উপযোগী বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।
আবদুল্লাহ আল ক্বাফী তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়ে বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে হাসিনা বনাম খালেদা বা আওয়ামী বনাম বিএনপি বিবেচনা করবেন না। দক্ষ ব্যক্তিকে নির্বাচন করবেন। তিনি দুর্নীতিমুক্ত ঢাকা গড়ার পাশাপাশি ভোটার তালিকায় থাকা নিরক্ষর ব্যক্তিদের পড়ালেখা শেখানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রার্থীদের আরও কিছু কথা: মেয়র প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে গুম-খুন, না পরিবর্তন—এই বিষয়ে ফলাফল আসবে। ভবিষ্যৎ কোন দিকে যাবে, সে বিষয়ে তরুণদের সিদ্ধান্ত নিতে হবে।
প্রার্থী জামান ভূঞা মেয়র নির্বাচিত হলে জবাবদিহি নিশ্চিত করার জন্য আলাদা মিডিয়া সেন্টার গড়ে তুলবেন বলে জানান।
প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বলেন, ‘১৪ কাঠা জমি নিয়ে আমার বাড়ি। পাড়ায় খেলার জায়গা নেই বলে ছেলেরা আমার বাড়ির মধ্যে ঢুকে খেলা শুরু করে। তাদের আর তাড়াতে পারি না। তাই খেলার মাঠ বাড়ানো জরুরি।’
প্রার্থী নাদের চৌধুরী মাদক, সন্ত্রাস বন্ধ করতে ব্যবসায়ী মহল, আন্তর্জাতিক মহলসহ পুরো চক্রকে চিহ্নিত করতে হবে বলে উল্লেখ করেন। যে ব্যবসায়ীরা এই অমানবিক কাজের সঙ্গে যুক্ত, মানবতাবিরোধী অপরাধীদের মতো তাদেরও মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেন তিনি।
প্রার্থী এ ওয়াই এম কামরুল ইসলাম বলেন, বাজেট বরাদ্দ থাকলেও দুর্নীতির কারণে সেই বাজেট বর্জ্য আকারে বের হয়ে যায়। তাই সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে।
শেখ শহীদুজ্জামান মেয়র নির্বাচিত হলে সরকারি জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা এবং সব প্রতিবন্ধী ব্যক্তিকে একটি করে ফ্ল্যাট বরাদ্দ দেবেন।