তরুণ প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন ৪২ মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারসহ ৪২ জন মুক্তিযোদ্ধা বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিলেন তরুণ প্রজন্মের ৪২ জনের হাতে। সঙ্গে তুলে দিলেন আলোর মশাল। এ সময় বেজে উঠল গান ‘শক্ত হাতে ধর পতাকা...’।এভাবেই একাত্তরের ২৫ মার্চের কালরাত্রি পালন করল সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল সোমবার রাত ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন মঞ্চে কালরাত্রি ’৭১ নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে মঞ্চে আসেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ ও সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। এ কে খন্দকার বলেন, ‘আজ থেকে ৪২ বছর আগে ঠিক এমন সময়ে পাকিস্তানি হায়েনারা নিরস্ত্র বাঙালির ওপর যেভাবে আক্রমণ চালিয়েছিল, বিশ্বের ইতিহাসে এর নজির নেই বললেই চলে।’ তিনি বলেন, ‘এখন তরুণ প্রজন্ম উঠে দাঁড়িয়েছে। এই তরুণ প্রজন্ম যে দেশ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’অনুষ্ঠানে সম্মেলক গান, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল উদীচী শিল্পীগোষ্ঠী ও স্পন্দন। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ, বেলায়েত হোসেন প্রমুখ। রাত সোয়া ১২টার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।