দেশের তরুণ বয়সীদের ২৭ শতাংশ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারেনি। তারা কাজের উপযোগী দক্ষতাও অর্জন করতে পারেনি। বাংলাদেশে এ রকম ১৫ থেকে ২৪ বছর বয়সী মানুষ আছে ৮০ লাখ।ইউনেসকোর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সবার জন্য শিক্ষাবিষয়ক বিশ্বব্যাপী এই প্রতিবেদনে অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। আজ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে।প্রতিবেদনে বলা হয়, যে শীর্ষ পাঁচটি দেশের অসংখ্য তরুণ বয়সী মানুষ কখনো প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে না, তার একটি বাংলাদেশ।বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মানের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দেশে ৫০ শতাংশেরও কম শিক্ষক প্রশিক্ষিত।প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের হিসাবে বিদ্যালয়ে ভর্তি হওয়া ছয় থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় ৪০ শতাংশ ঝরে যায়। ইউনেসকো যে হিসাব দিয়েছে, সেটা ১৫ থেকে ২৪ বছর বয়সীদের বিষয়ে। এটা ঠিকই আছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। এটা যে শুধু দারিদ্র্যের কারণে হয়, তা নয়। বিদ্যালয় ও লেখাপড়া পছন্দ না হওয়ার কারণেও অনেক শিশু বিদ্যালয়ে যেতে চায় না। এ জন্য বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষাদানের পদ্ধতি শিশুদের জন্য আকর্ষণীয় করতে হবে।প্রতিবেদনে বলা হয়, শিশু ও তরুণ বয়সীদের শিক্ষা ও দক্ষতার ওপর গুরুত্ব না দেওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে। বর্তমানে বিশ্বে ৭৭ কোটি ৫০ লাখ বয়স্ক ব্যক্তি নিরক্ষর। এর মধ্যে বাংলাদেশেই এই সংখ্যা চার কোটি ৪০ লাখ, যা বিশ্বের মধ্যে চতুর্থ।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা প্রথম আলোকে জানান, বর্তমানে দেশে ১১ থেকে ৪৫ বছর বয়সী প্রায় পৌনে চার কোটি লোক নিরক্ষর। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এটা কমছে। প্রতিবেদনে তরুণ বসয়ীদের দক্ষতা অর্জনে জরুরি ভিত্তিতে বিনিয়োগ করার ওপর জোর দেওয়া হয়।প্রতিবেদনে ভারত, পাকিস্তানসহ আশপাশের বিভিন্ন দেশের তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, এই মুহূর্তে দক্ষিণ ও পশ্চিম এশিয়ার প্রায় এক কোটি ৩০ লাখ শিশু প্রাথমিক বিদ্যালয় এবং তিন কোটি ১০ লাখ কিশোর মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে। বিশ্বে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী ২৫ কোটি শিশু পড়তে বা লিখতে পারে না বলে উল্লেখ করা হয়।প্রতিবেদনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের হিসাবে বয়স্ক ব্যক্তিদের মধ্যে নিরক্ষরের সংখ্যা তিন কোটি ৭০ লাখ। আমরা সব শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং গুণগত শিক্ষার ওপর জোর দিচ্ছি।’