তরুণ শিল্পীদের ব্যতিক্রমী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির দৃক গ্যালারির প্রদর্শন কক্ষে ‘ঢাকা সামার: দেও ভোলেন্তে আর্ট’ শিরোনামের প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
ধানমন্ডির দৃক গ্যালারির প্রদর্শন কক্ষে ‘ঢাকা সামার: দেও ভোলেন্তে আর্ট’ শিরোনামের প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

ধানমন্ডির দৃক গ্যালারির প্রদর্শনকক্ষের দেয়ালে ঝুলছে শিল্পকর্ম। কোনো শিল্পকর্মে ফুটে উঠেছে রাজধানী ঢাকার চিত্র, কোনোটিতে আছে সবুজ জঙ্গলের ভেতর দিয়ে ছুটে আসছে ট্রেন। পেনসিল থেকে শুরু করে আছে জলরং, অ্যাক্রিলিকসহ নানা মাধ্যম। শিল্পীরা সবাই তরুণ, সদ্য পড়ালেখা শেষ করেছেন কিংবা করছেন। ‘ঢাকা সামার: দেও ভোলেন্তে আর্ট’ শিরোনামের প্রদর্শনীটির আয়োজনও করেছেন তরুণ মাহির আবরার ও ভিশন টুয়েন্টি ফোর।

প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি এর আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোটা আয়োজনটি সেরেছেন আয়োজক মাহির আবরার। বললেন, ‘আমি অনেককে ফেসবুক ছবি বিক্রি করতে দেখি। আমি কয়েকজন বন্ধুকে ছবি বিক্রির ব্যাপারটি জিজ্ঞেস করলে বলল যে গ্যালারি ভাড়া করে প্রদর্শনী করতে হয়। তবে তা খুবই ব্যয়বহুল। পরে আমি বললাম, আমি গ্যালারি ম্যানেজ করব। কোনো এন্ট্রি ফি লাগবে না। এভাবেই শুরু।’

শিল্পী কীভাবে পছন্দ করেছেন? এমন প্রশ্নে মাহির বলেন, পুরো কাজটাই করেছি ফেসবুকের মাধ্যমে। সবাইকে ফেসবুকে পেয়েছি। এমনকি গ্যালারিটাও ফেসবুক থেকে খুঁজে পেয়েছি। মাহির পড়ালেখা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ছুটিতে এসে এমন একটি উদ্যোগ নিলেন।

প্রদর্শনীর উদ্বোধন হয় গতকাল বুধবার বিকেলে। শিল্পী আব্দুশ শাকুর শাহ্ উদ্বোধন করেন। তিনি বলেন, অনেকেই প্রদর্শনী করার সুযোগ পায় না। সেখানে এত অল্প সময়ের মধ্যে এমন একটি আয়োজন করেছেন মাহির, এটা খুবই ভালো। এক দিনেই একজন শিল্পী হয়ে ওঠেন না। দীর্ঘদিন লেগে থাকতে হয়। তরুণ শিল্পীদের অনেক সংকট থাকে। তারপরও যদি একজন তরুণ লেগে থাকেন, তবে তিনি বড় শিল্পী হতে পারেন।

উপস্থিত ছিলেন কালের কণ্ঠ-এর সম্পাদক কবি ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। শিল্পী অনুপমা বিশ্বাস, আরাফাত আহমেদ আলী, বিপুল মল্লিক, ইশিকা চৌধুরী, ইসরাত জাহান, ঐশি হোসাইন, সামিরা কামিল, সানজিদা খান, সুমিতা তাহসিন, তাহমিদা ও ওয়াদুদ কাফিল অংশ নিয়েছেন প্রদর্শনীতে। কী ভাবছেন তাঁরা? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভিজ্যুয়াল আর্টের ওপর পড়ালেখা করা শিল্পী বিপুল মল্লিক বলেন, এটা অবশ্যই চমৎকার। একটা মাধ্যমকে ব্যবহার করেছেন শিল্পীদের সঙ্গে যোগাযোগের জন্য। আগে পত্রিকার মাধ্যমে বা ব্যক্তিগতভাবে এই যোগাযোগটা হতো। এখন ফেসবুকের মাধ্যমে কমিউনিটির সঙ্গে সহজভাবে যোগাযোগ করা যাচ্ছে। এটা খুবই গ্রহণযোগ্য এবং আরও হওয়া উচিত।

তরুণ শিল্পী ও স্থাপত্যবিদ্যায় পড়ালেখা করা ঐশি হোসাইন বলেন, অসাধারণ একটা আয়োজন। তরুণ শিল্পীদের জন্য এ রকম আরও করা উচিত। প্রদর্শনীটি চলবে আজও। দেখা যাবে বিকেল সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।