তরুণকে গণপিটুনি দুই চোখ খুঁচিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে চিংড়িঘের থেকে মাছ চুরি করতে গিয়ে ওয়াদুদ শেখ (২৭) নামের এক তরুণ গ্রামবাসীর পিটুনির শিকার হয়েছেন। উত্তেজিত গ্রামবাসী খেজুরগাছের কাঁটা দিয়ে খুঁচিয়ে তাঁর দুই চোখ জখম করেছেন এবং বাঁ পা ভেঙে দিয়েছেন। গত রোববার দিবাগত রাতে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওয়াদুদ শেখ পার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ওয়াদুদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির অভিযোগ আছে। পুলিশ গতকাল সোমবার ভোররাতে তাঁকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গোটাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাশারাত হালদার জানান, রোববার দিবাগত রাত একটার দিকে পার নওয়াপাড়া গ্রামের মুনছুর সরদারের চিংড়িঘের থেকে মাছ চুরি করতে গিয়ে ওয়াদুদ শেখ কিছু চিংড়িসহ গ্রামবাসীর হাতে আটক হন। এ সময় উত্তেজিত গ্রামবাসী তাঁকে বেদম প্রহার করে তার বাঁ পা ভেঙে দেন এবং খেজুরগাছের কাঁটা দিয়ে দুই চোখ খুঁচিয়ে রক্তাক্ত জখম করেন। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ওয়াদুদ চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বিএনপির সমর্থক। রাজনৈতিক কারণে আওয়ামী লীগের স্থানীয় সমর্থকেরা প্রতিশোধপরায়ণ হয়ে আমাকে নির্যাতন করেন।’ বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোল্লা মঈন উদ্দিন জানান, ওয়াদুদের শরীরে প্রহারের চিহ্ন রয়েছে। তার বাঁ পা ভাঙা এবং দুই চোখে আঘাতজনিত রক্তাক্ত জখম আছে। প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল সকালে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।