তরুণকে গলা কেটে হত্যা
কিশোরগঞ্জের ভৈরবে হুমায়ুন মিয়া (২২) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ লিটন মিয়া ও তাঁর স্ত্রী সানোয়ারাকে গ্রেপ্তার করে।
গতকাল বুধবার ভোরে পৌর শহর চণ্ডীবের উত্তরপাড়া মহল্লার হেলিম মিয়ার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। হুমায়ুনের বাড়ি কিশোরগঞ্জ সদরের যশোদল গ্রামে।
প্রতিবেশী ও পুলিশ সূত্র জানায়, লিটনের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আঙ্গরিয়া গ্রামে। তিনি স্থানীয় জিল্লুর মিয়ার একটি তাঁরকাটা কারখানার শ্রমিক। হুমায়ুনও ছিলেন ওই কারখানার শ্রমিক। তাঁরা হেলিম মিয়ার বাড়িতে ভাড়ায় পাশাপাশি কক্ষে থাকতেন। কিছুদিন আগে লিটনের বাসায় তাঁর স্ত্রীর বড় ভাই আনিস মিয়া পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন। কয়েক দিনের ব্যবধানে লিটনের সৎভাই নয়ন মিয়ার সঙ্গে আনিসের স্ত্রী মুক্তা বেগমের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার মুক্তা দেড় বছরের সন্তান নিয়ে নয়নের সঙ্গে পালিয়ে যান। আনিসের ধারণা, এ ঘটনায় হুমায়ুনের সহযোগিতা ছিল।
ঘটনার পর লিটনের বাসা থেকে আনিস চলে যান। মঙ্গলবার রাতে আবার এসে হুমায়ুনের সঙ্গে ঘুমানোর আগ্রহ দেখান। হুমায়ুনও থাকতে দেন। ভোর সাড়ে চারটার দিকে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে হুমায়ুনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে লিটন ও তাঁর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কিছু সময় পর হুমায়ুনের মৃত্যু হয়। আনিসের বাড়ি কিশোরগঞ্জ সদরের মন্না পাড়ায়।
গ্রেপ্তার হওয়াার পর পুলিশ হেফাজতে লিটন মিয়া বলেন, ‘হুমায়ুন ও আনিস একসঙ্গে ঘুমালেও ঘটনার পর আনিস পালাইয়া গেছে। এ কারণে আমার ধারণা, ক্ষোভ থাইকা আনিসই হুমায়ুনকে খুন করছে।’
সানোয়ারা বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী মুক্তা বেশির ভাগ সময় হুমায়ুনের মোবাইলে ফোন দিয়ে কথা বলত। সত্য হইল, এই কারণে হুমায়ুনের প্রতি আমার ভাইয়ের ক্ষোভ আছিল।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, নারীসংক্রান্ত ঘটনার সূত্র ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ধারালো ছুরি দিয়ে গলা কেটে হুমায়ুনকে খুন করা হয়। ছুরাটি উদ্ধার হয়েছে। এ ঘটনায় হুমায়ুনের বাবা কামাল উদ্দিন ওরফে চান্দু মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় আনিসকে প্রধান আসামি করা হয়েছে।