তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল রোববার এনামুল হক ভূঁইয়া ওরফে নাহিদ (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন৷ একই দিন সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগর এলাকায় হাবিবুর রহমান ওরফে জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে৷
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত এনামুল হক ভূঁইয়ার চাচা মাইনুল হক ভূঁইয়া জানান, ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকার বিএনপি সমর্থক ও ঝুট ব্যবসায়ী শুক্কর আলীর বাড়ির পাশে সড়কে গতকাল সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি আগুন দেওয়ার চেষ্টা করেন৷ এ ঘটনায় এনামুলকে সন্দেহ করে সকালে শুক্কুর আলীর বাড়িতে এক সালিস বৈঠক ডাকা হয়৷ সালিসে শুক্কুর আলী, শফিকুল ইসলাম ওরফে সনেট, সজল ও শাহাদাত হোসেন এনামুল হক ভূঁইয়াকে ছুরিকাঘাত করেন৷ এ সময় বৈঠকে আসা লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ দুপুর আড়াইটার দিতে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান৷
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মীর জানান, এনামুল মিঠাবো এলাকার সেলিম ভূঁইয়ার ছেলে৷ এ ঘটনায় চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ আসামিরা পলাতক রয়েছেন৷
টঙ্গী থানার পুলিশ ও পরিবারের লোকজন জানান, গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ খবর পেয়ে স্বজনেরা থানায় গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন৷ এ ব্যাপারে জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন৷
জাহাঙ্গীর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কাকইসার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে৷ রাজধানীর বনানী কাঁচাবাজারে তাঁর তিনটি দোকান ছিল৷ এ ছাড়া তিনি ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন৷
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ওই এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷