তরুণকে পানিতে চুবিয়ে হত্যা
সাভার পৌর এলাকার জামসিং মহল্লার নবীন মার্কেটের পেছনের একটি জলাশয় থেকে পুলিশ গতকাল শুক্রবার সকালে সাইফুল ইসলাম (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে। টাকার লেনদেনের জের ধরে তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সাইফুল মাদারীপুরের রাজৈর উপজেলার শাকারপাড় গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি পূর্ব জামসিং এলাকার শাজাহানের বাড়িতে স্ত্রী ও পরিবার-পরিজন নিয়ে ভাড়া থাকতেন। সাইফুল পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। সাভার মডেল থানা পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, সাইফুল গত মঙ্গলবার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন তাঁর বাবা খলিলুর রহমান সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল স্থানীয়রা জলাশয়টিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির বাবা গতকাল শুক্রবার হত্যা মামলা করেন।খলিলুর রহমান বলেন, কিছুদিন আগে তাঁর ছেলে ব্যবসার জন্য কয়েকজন বন্ধুর সঙ্গে কয়েকটি গরু কেনে। এ টাকার লেনদেন নিয়ে বন্ধুদের সঙ্গে সাইফুলের বিরোধ চলছিল বলে শুনেছিলেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, লাশের প্রাথমিক সুরতহালে তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।