তরুণকে পিটিয়ে ও গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার রাতে প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে সুমন কুমার ঘোষ (২৮) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীতে নির্যাতনের পর শ্বাসরোধে চার সন্তানের জননী এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহীপুর গ্রামে সুমনের বাড়ি। পরিবারের সঙ্গে তিনি জেলা শহরের অক্ট্রয় মোড়ের একটি বাসায় থাকতেন।সুমনের বাবা বিজয় কুমার ঘোষ অভিযোগ করেন, পৌর শহরের হরিপুর মহল্লার এক মেয়ের সঙ্গে সুমনের প্রেম ছিল। দুই মাস আগে তাঁদের বিয়ে নিয়ে পারিবারিকভাবে আলোচনা হয়। বিয়েতে মেয়ের মা-বাবাসহ অন্যরা রাজি ছিলেন। কিন্তু মেয়েটি স্নাতক সম্মান শ্রেণী আর সুমন মাধ্যমিক পাস হওয়ায় মেয়েটির ছোট ভাই এ বিয়েতে বাদ সাধেন। পরে সোমবার রাতে তিনি ও তাঁর বন্ধুরা মিলে সুমনকে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে বাড়ির পাশে ফেলে দেন। পরে সুমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তিনি মারা যান।তবে মেয়েটির বাবা বলেন, সুমন রাতে তাঁদের বাড়িতে গিয়ে তাঁর মেয়েকে নিয়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিয়ের প্রস্তাব দেন। এতে মেয়েটি রাজি না হওয়ায় সুমন একপর্যায়ে নিজে বিষপান করেন এবং তাঁর মেয়েকেও বিষপানে আত্মহত্যার আহ্বান জানান। এ সময় মেয়েটির চিৎকার শুনে তাঁর ছেলে ও বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সুমনকে বের করে দিয়ে মারধর করেন।সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, সুমনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় বিজয় কুমার ঘোষ বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ মেয়েটির ভাইকে গ্রেপ্তার করেছে।রাজশাহী নগরের রাজপাড়া থানার হাড়ুপুর এলাকায় গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে ঘরের তিরের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ময়না (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ময়নার স্বামী শরিফুল ইসলাম পলাতক। এ ঘটনায় গৃহবধূর ছোট ভাই সোনারুল ইসলাম বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।মামলার বাদী সোনারুল ইসলাম জানান, প্রায় ১২ বছর আগে ময়না বেগমের সঙ্গে শরিফুলের বিয়ে হয়। মাঝেমধ্যেই শরিফুল কারণে-অকারণে ময়নার ওপর অত্যাচার-নির্যাতন করতেন। কিন্তু দুই ছেলে ও দুই মেয়ের মুখের দিকে চেয়ে তিনি স্বামীর সংসার করে আসছিলেন। গত সোমবার রাতে শরিফুল কোনো কারণে ময়নার ওপর অত্যাচার-নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেন। এরপর আত্মহত্যা বলে চালিয়ে দিতে ময়নার লাশ ঘরের তিরের সঙ্গে ঝুলিয়ে দিয়ে শরিফুল পালিয়ে যান।মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজপাড়া থানার এসআই জহুরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তাঁর চোখে জখমের চিহ্ন ছিল। ফলে ময়নাকে নির্যাতন করা হয়েছে, এটাও সঠিক। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়ার পরে তাঁকে হত্যা করা হয়েছে কি না, এটা বলা যাবে না।