তরুণকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কোতোয়ালির ইসলামপুর সড়ক এলাকায় গতকাল শনিবার নূরে আলম (১৮) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শহীদুল ইসলাম (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।নূরে আলমের চাচা ফয়জুল্লাহ শরীফ মুঠোফোনে প্রথম আলোকে জানান, নূরে আলম কোতোয়ালি থানার সদরঘাটের মসজিদ ঘাট এলাকার মদীনা হোটেলের কর্মচারী ছিলেন। বেশ কিছুদিন ধরে মদীনা হোটেলসংলগ্ন ৪৯ নম্বর ইসলামপুর সড়কের নিউ আনন্দ বিরিয়ানি হাউসের কর্মচারী শহীদুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে নূরে আলম নিউ আনন্দ বিরিয়ানি হাউসের সামনে গেলে শহীদুল ইসলাম তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয় মানুষ তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফয়জুল্লাহ শরীফ আরও জানান, দুটি দোকানই ফরহাদ নামের এক ব্যক্তির মালিকানাধীন। গ্রেপ্তার হওয়া শহীদুল ইসলাম মালিকের চাচাতো ভাই বলে জানা গেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে মালিককে পাওয়া যায়নি। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর রাতে নিহত নূরে আলমের চাচা আবদুল গণি বাদী হয়ে শহীদুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর পুলিশ শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে। সূত্র জানায়, নূরে আলমের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চারাগঞ্জ গ্রামে। বাবার নাম হাসন মাতব্বর। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।