তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঘবাড়ী এলাকায় গত মঙ্গলবার রাতে জাহিদুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।জাহিদুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার গোড়াবাড়ী কাঞ্চনপুর গ্রামের মাতব্বর শেখের ছেলে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিহত জাহিদুল ইসলামের স্বজনেরা জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে গত মঙ্গলবার বিকেলে তাঁর খালাবাড়ি কুমারখালী উপজেলার মূলগ্রামে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমারখালীর বাঘবাড়ী গ্রামে তাঁর মোটরসাইকেলটি সুন্দরী বেগমকে (৭০) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে সুন্দরী বেগমের স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে জাহিদুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ ঘটনার তিন ঘণ্টা পর জাহিদুলের আত্মীয়স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে জাহিদুল ইসলাম মারা যান। আহত সুন্দরী বেগমও একই হাসপাতালে ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান বলেন, বৃদ্ধাকে ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে জাহিদুল ইসলাম আহত হন। পরে তিনি মারা যান। তাঁর গায়ে আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। তবে হাতের বৃদ্ধাঙ্গুল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। মোটরসাইকেলের কিছু যন্ত্রাংশ ভাঙা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় জাহিদুলের মৃত্যু হয়েছে।