ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত তরুণ সাদ্দাম হোসেনকে (২৫) আটক করে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী।
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাদ্দামকে উজান মল্লিকপুর গ্রাম থেকে আটক করেন এলাকাবাসী। পরে সন্ধ্যায় তাঁকে পিটুনি দিয়ে ওই বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সাতটার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শ্লীলতাহানির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই গ্রামের
একটি বাড়ির শৌচাগারে আত্মগোপন করা সাদ্দামকে আটক করেন। পরে তাঁকে পিটুনি দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ‘আমি সন্ধ্যার পর ওই স্কুলে গিয়ে আটক সাদ্দামকে উদ্ধার করি। পরে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় নিয়ে আসি।’
ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী অতিরিক্ত ক্লাস করে সকাল ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে সাদ্দাম ও ফজলু ঢালি নামের দুই তরুণ তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ওই কিশোরী সংজ্ঞা হারিয়ে ফেলে। সে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই কিশোরীর মা প্রথম আলোকে জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ওই মেয়ে দ্বিতীয়। সে এবার এসএসসি পরীক্ষা দেবে। তিনি বলেন, তাঁর মেয়ের সংজ্ঞা ফিরলেও তার মনের আতঙ্ক এখন দূর হয়নি। মাঝেমধ্যেই সে চমকে চমকে উঠছে। ঠিকমতো খেতেও পারছে না।
গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘শ্লীলতাহানির চেষ্টা দুই তরুণের, কিশোরী সংজ্ঞাহীন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।