তরুণকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফর ইকবাল
জাফর ইকবাল

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর কয়া গ্রামের জাফর ইকবাল (২৪) নামের এক তরুণকে গত ৯ নভেম্বর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জাফরের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালীর যোগসাজশে পুলিশ এ ঘটনা ঘটিয়েছে। তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, পুলিশের পোশাক পরে হয়তো সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
জাফরের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, জাফর উত্তর কয়া গ্রামের সামসুদ্দীন শেখের ছেলে। জাফরের নিখোঁজ হওয়ার পরের দিন ১০ নভেম্বর এ ঘটনায় তাঁর পরিবার মানবাধিকার সংগঠনের কাছে একটি লিখিত অভিযোগ দেয় ও ৩০ নভেম্বর কুষ্টিয়া আদালতে একটি মামলাকরে। আদালতের মামলাটি ৬ ডিসেম্বর থানায় অপহরণ মামলা হিসেবে হয়। ওই মামলার আসামিদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহার ও মানবাধিকার সংগঠনের কাছে পাঠানো অভিযোগ সূত্রে জানা গেছে, জাফরকে ধরে নিয়ে যাওয়ার ২৭ দিন আগে একই গ্রামের ববি আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। ৯ নভেম্বর রাত একটার দিকে চরা-পাঁচজন ব্যক্তি জাফরকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এ সময় তাদের হাতে অস্ত্র ও পরনে পুলিশের পোশাক ছিল। ওই রাতে ববি তাঁর স্বামীর সঙ্গে ছিলেন।

ববি বলেন, গ্রামের পিকলু একসময় তাঁকে (ববি) বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এ ঘটনায় পিকলু জড়িত থাকতে পারেন। বিয়ের পর পিকলু তাঁকে ফোনে জানিয়েছিলেন, সাদা শাড়ি পরে বের হতে হবে। ধারণা করা হচ্ছে, পিকলু এলাকার প্রভাবশালী একজনের সহায়তায় পুলিশকে ব্যবহার করেছেন। ঘটনার দিন রাত দুইটার দিকে তাঁর (ববি) বোনের ফোনে পিকলু জানিয়েছিলেন, ‘তোর দুলাভাইকে ধরে নিয়ে গেল, ঠেকাতে পারলি না।’

জাফরের ভাই এস এম শফিউদ্দিন ও বাবা সামসুদ্দীন বিশ্বাস বলেন, সেদিন রাতে যাঁরা জাফরকে ধরতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আল রশীদছিলেন। ১০ নভেম্বর থানায় গেলে রাজিব সন্ধ্যায় দেখা করতে বলেন। সন্ধ্যায় গেলে রাজিব অভিযানের বিষয়টি অস্বীকার করেন।

সামসুদ্দীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওর মা পাগল হয়ে গেছে। পানিটুকু পর্যন্ত খায় না। সারাক্ষণ কাঁদে। বিছানা থেকে ওঠে না। আমি নিজেও ঠিক থাকতে পারি না। ছবিটা (জাফরের) ছাপায়ও যদি কেউ খোঁজ দিতে পারে।’

পিকলু পলাতক থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এসআই রাজিব গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কুমারখালী থানাতে সিভিলে দায়িত্ব পালন করি। মানুষের ধারণা, বিপজ্জনক কাউকে ধরলে আমিই ধরি। এ ছাড়া ওই দিন আমার কোনো ডিউটি ছিল না, বাসায় ছিলাম। আমার বিরুদ্ধে কেন অভিযোগ আসছে বুঝতে পারছি না।’

ওসি মহিবুল ইসলাম বলেন, মামলায় পিকলু, বিপ্লব, নাসির উদ্দীন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সেলিম মণ্ডলকে আসামি করা হয়েছে। তাঁদের ধরতে পুলিশ চেষ্টা করছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।