তরুণকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে আলামিন প্রামাণিক (১৯) নামের এক তরুণকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। মোটরসাইকেলের আরোহী রফিক শেখ (১৫) নিখোঁজ রয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে।আলামিন উপজেলার ওমেদআলী সরদারপাড়ার হায়াত আলী প্রামাণিকের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দরাপেরডাঙ্গী গ্রামের একটি ভুট্টাখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন।হায়াত আলী প্রামাণিক জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে আলামিন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হন। রাত ১০টার দিকে তাঁর মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। সকালে তাঁরা সংবাদ পেয়ে আলামিনের লাশ শনাক্ত করেন। আলামিনের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার আগে আলামিনের সঙ্গে প্রতিবেশী বারেক শেখের ছেলে রফিক শেখ বের হয়। আলামিনের লাশ পাওয়া গেলেও রফিকের সন্ধান এখনো পাওয়া যায়নি।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, আলামিনকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।