তরুণকে হত্যা মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক তরুণকে গলা কেটে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল শনিবার মিরপুর উপজেলার রেলস্টেশনের রাস্তার পাশ থেকে ওই তরুণের লাশ উদ্ধার করেছে। নিহত তরুণের নাম সবুুজ হোসেন (২০)। তিনি দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের সেন্টু মণ্ডলের ছেলে। মিরপুর ও দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল নয়টার দিকে সবুজ তাঁর মোটরাসাইকেলে একই গ্রামের দুজন ব্যক্তির সঙ্গে বের হন। এরপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন তাঁকে না পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে দৌলতপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। একই সময়ে মিরপুর রেলস্টেশনের কাছে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মিরপুর থানার পুলিশ লাশ উদ্ধারের পর সবুজের পরিবারের লোকজন তা শনাক্ত করে। গতকাল বেলা দুইটার দিকে মিরপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা অপহরণ করে শুক্রবার রাতে সবুজকে হত্যার পর মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, এ ব্যাপারে দৌলতপুর থানায়ও মামলা হতে পারে।