তরুণকে হত্যার পর তাঁর বিরুদ্ধেই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইমন মৃধা নামের এক তরুণের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মুলাদী লঞ্চঘাটসংলগ্ন নয়াভাঙ্গলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ইমনকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি ধামাচাপা দিতে মিজানুর রহমান নামের তাঁরই এক বন্ধু উল্টো ইমনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। মিজানুরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমনের (২৫) বাড়ি মুলাদী উপজেলার চরকালেখা গ্রামে। মিজানুরের বাড়ি একই গ্রামে। তাঁরা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। গত শনিবার সন্ধ্যায় মুলাদীর সীমান্তবর্তী চরপত্তনী ভাঙ্গা এলাকায় মিজান ও ইমনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মিজান রক্তাক্ত জখম হন। তবে একপর্যায়ে ইমন নদীতে পড়ে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন মিজানুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় মিজান বলেন, ইমন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন। পরে মোটরসাইকেল ফেলে ইমন পালিয়ে গেছেন।

এরপর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ইমনের মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় মিজান হিজলা থানায় ইমনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। এদিকে গতকাল সকালে মুলাদী লঞ্চঘাটসংলগ্ন নয়াভাঙ্গলী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ইমনের বুকের বাঁ পাশে জখমের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ইমনকে হত্যা করা হয়েছে।

হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে মিজান হাসপাতাল থেকে মুলাদী থানায় গিয়ে ইমনের লাশ শনাক্ত করেন। পরে মিজানের অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ হয়। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়।

হিজলা থানার ওসি এস এম মাসুদুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দুজনের মধ্যে সংঘর্ষের সময় ইমন নদীতে পড়ে গেলেও বিষয়টি গোপন রাখেন মিজান। উল্টো ইমনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। ওই মামলায়ই মিজানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।