আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন
তরুণদের ওপর আস্থা বেশি ছিল সরদার ফজলুল করিমের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, তরুণদের প্রতি সরদার ফজলুল করিমের আস্থা ছিল অত্যন্ত বেশি। তিনি সব সময় মনে করতেন এই তরুণেরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত হবেন।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘দর্শন পদক, ২০১৬ দ্বিতীয় স্মারক বক্তৃতা ও আলোচনা সভা’য় সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাঙলার পাঠশালা।
সরদার ফজলুল করিমকে স্মরণ করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘অনেক মানুষের জীবনকে তিনি পরোক্ষভাবে, অনেকের জীবনকে প্রত্যক্ষভাবে স্পর্শ করেছেন। তাঁকে মনে রাখছি—তাঁর প্রতি ভালোবাসা শুরু থেকে প্রকাশ করছি, এটাই তো বড় কথা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সরদার ফজলুল করিম আজীবন চাইতেন সত্যের সঙ্গে কোনো কিছুর মিশ্রণ না করতে। তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরদার ফজলুল করিম যখন হাঁটতেন, তখন মাটিতে এমনভাবে পা ফেলতেন যেন মাটি কষ্ট না পায়। এ ধরনের মানুষের কাছে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।’
‘সরদার ফজলুল করিমের দর্শনচিন্তা’ শিরোনামে স্মারক বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হারুন রশীদ। দীর্ঘ বক্তৃতায় সরদার ফজলুল করিমের দর্শনের নানা দিক তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘সরদার ফজলুল করিমের মতো মানুষের মৃত্যু নেই। তিনি চিন্তার যে খোরাক রেখে গেছেন, তা যুগ যুগ ধরে এ দেশের মানুষকে যৌক্তিক চিন্তায় উদ্বুদ্ধ করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আবদুল মতীন রচিত দর্শনের রূপরেখা এবং দর্শন, সাহিত্য ও সংস্কৃতিসহ সামগ্রিক অবদানের জন্য এ বছর ‘সরদার ফজলুল করিম দর্শন পদক, ২০১৬’-এর জন্য মনোনীত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পদক গ্রহণ করেননি অধ্যাপক আবদুল মতীন। পরে অনুষ্ঠানে সঞ্চালক এবং বাঙলার পাঠশালার চেয়ারপারসন আহমেদ জাভেদ চৌধুরী ঘোষণা দেন, ‘অধ্যাপক আবদুল মতীনের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে পদক প্রদান স্থগিত করা হয়েছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, কথাসাহিত্যিক অদিতি ফাল্গুনী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন প্রমুখ।