তরুণ বা যুবকদের কর্মসংস্থানে বাংলাদেশ বেশ পিছিয়ে। বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। আর রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক কর্মকাণ্ডসহ সব বিষয় যুক্ত করলে ১৪৬তম অবস্থান নিয়ে বাংলাদেশের স্থান নিচের সারিতে।
বৈশ্বিক যুব উন্নয়ন সূচক বা ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্সে (ওয়াইডিআই) এই তথ্য উঠে এসেছে। বিশ্ব মানবসম্পদ উন্নয়ন সূচকের আদলে এই সূচকটি তৈরি করেছে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ৫২টি স্বাধীন দেশের সংগঠন কমনওয়েলথ। সংগঠনের লন্ডন সচিবালয় থেকে গতকাল শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রথম যুবগোষ্ঠীর ওপর এ ধরনের একটি সূচক তৈরি করা হলো।
সূচকে সেরা দেশ জার্মানি। আর সবচেয়ে খারাপ অবস্থা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এই মুহূর্তে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণের সংখ্যা ১৮০ কোটি। প্রতি চারজনে একজন তরুণ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এই সংখ্যা বেশি। কিন্তু অনেক দেশই তরুণদের কাজে লাগাতে পারছে না। এর মধ্যে তরুণীরা শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক কার্যক্রম এবং ডিজিটাল প্রযুক্তিতে ছেলেদের চেয়ে পিছিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে ডিজিটাল কার্যক্রম, প্রতিবাদ ও স্বেছা কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়লেও রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ কমছে। রাজনীতি নিয়ে তরুণদের হতাশা বাড়ছে। জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধের শিকারও তরুণেরা। আবার শান্তি প্রতিষ্ঠায়ও তরুণদের ভূমিকা অনেক।
১৮৩টি দেশের তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন করা হয়েছে। এই পাঁচটি থিমের মোট ১৮টি সূচকের ওপর ভিত্তি করে দেশগুলোর অবস্থান তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালোকে এক এবং সবচেয়ে খারাপকে শূন্য ধরে প্রতিবেদন করা হয়েছে। উচ্চ, মধ্যম ও নিম্ন—এই তিনটি অবস্থানে দেশগুলোকে ভাগ করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাকিস্তান (১৫৪) ও আফগানিস্তানের (১৬৭) চেয়ে ভালো। তবে শ্রীলঙ্কা (৩১), মালদ্বীপ, (৬৩), ভুটান (৬৯), নেপাল (৭৭) ও ভারতের (১৩৩) অবস্থান বাংলাদেশ থেকে এগিয়ে।
সেরা দশ দেশের মধ্যে অস্ট্রেলিয়া এবং জাপান বাদে বাকি আটটি দেশই ইউরোপের। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, অ্যাঙ্গোলা এবং হাইতির অবস্থান সবচেয়ে খারাপ হয়েছে। সন্ত্রাস বা প্রাকৃতিক দুর্যোগে সেখানকার তরুণেরা আক্রান্ত।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে কমনওয়েলথের মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘নীতিনির্ধারকদের জন্য এই সূচক একটি চ্যালেঞ্জ। এই সূচক দেখে প্রতিটি দেশে নীতিনির্ধারকেরা তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান, রাজনৈতিক কর্মকাণ্ডসহ সব বিষয়ে নতুন করে ভাবতে পারেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত কিংবা উন্নয়নশীল সব দেশেই কর্মসংস্থান একটা সমস্যা। পৃথিবীর বিভিন্ন দেশে ডিজিটাল কার্যক্রম, প্রতিবাদ এবং স্বেচ্ছা কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়লেও রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ কমছে। রাজনীতি নিয়ে তরুণদের হতাশা বাড়ছে।
বৈশ্বিক এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জাতিসংঘ মানব উন্নয়ন সূচকের মানব উন্নয়ন প্রতিবেদনের পরিচালক সেলিম জাহান গতকাল প্রথম আলোকে বলেন, তরুণদের সম্ভাবনা অনেক বেশি থাকলেও তাদের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে না। বলা যায়, তরুণেরা তাদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না। অথচ তরুণেরাই সব সময় সৃজনশীল।
বাংলাদেশের বিষয়ে সেলিম জাহান বলেন, বাংলাদেশের তরুণেরা অনেক সৃজনশীল। কিন্তু এখানে কর্মসংস্থান একটা সমস্যা। নারীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য সম-অধিকার নিশ্চিত করা উচিত।
বাংলাদেশে একটি স্কুল প্রতিষ্ঠা করে এ বছর কমনওয়েলথ পুরস্কার পেয়েছেন শওগাত নাজবীন খান। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের সম্ভাবনা অনেক। কিন্তু তাদের যথাযথ ক্ষমতায়ন করা হচ্ছে না। সিদ্ধান্ত গ্রহণে তরুণদের ভূমিকা কম। তরুণদের সব ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত।
এ বছর যুক্তরাজ্যের রানির কাছ থেকে ‘দ্য কুইন্স ইয়াং লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৬’ পুরস্কার নিয়েছেন বাংলাদেশের ওসামা বিন নূর। প্রথম আলোকে তিনি বলেন, তরুণদের কর্মদক্ষতা বাড়ানো, উদ্যোক্তাদের কাজের পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা দরকার। এ জন্য শিক্ষার মান বাড়ানো দরকার। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা দরকার।
সমাজের বিভিন্ন অবস্থান থেকে উঠে আসা তরুণদের মধ্যে একটি সংযোগ সৃষ্টি করে তাদের নেতৃত্বের গুণকে বিকশিত করতে আট বছর ধরে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার নামের একটি সংগঠন। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের লেখাপড়া একেবারেই মুখস্থনির্ভর। এখানে তরুণেরা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র শুধু সনদ নিয়ে বের হচ্ছে। ফলে ভিন্নভাবে বা সৃজনশীলভাবে তারা চিন্তা করতে পারছে না। সমস্যা সমাধানে আমাদের পাঠ্যক্রম পরিবর্তন জরুরি। আর সবক্ষেত্রে নেতৃত্বের বিকাশ দরকার।’
বৈশ্বিক এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রথম আলোকে বলেন, ‘কমনওয়েলথের এই প্রতিবেদনের সঙ্গে আমি ঠিক একমত নই। কারণ এখন ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া সারা দেশে আমরা আমাদের তরুণ যুবকদের নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছি। ঋণ দিচ্ছি। তারা উদ্যোক্তা হচ্ছে। আর রাজনীতিসহ অন্যান্য কর্মকাণ্ডেও আমাদের তরুণদের অংশগ্রহণ বাড়ছে।’