তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান
তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বিজয়ের ৪৫ বছরে বাংলাদেশ: তৃণমূলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।
ড. আনিসুজ্জামান বলেন, ‘নানা সময়ে সরকারি-বেসরকারি নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। সে কারণে তরুণদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজন আছে। অনেকে বলেন, অতীত ভুলে আমাদের নতুন করে আরম্ভ করতে হবে। কিন্তু তাঁদের বলতে হবে- না, অতীত ভোলাটা কাজের কোনো কথা নয়।’
পাকিস্তানের শোষণ আর বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে তরুণ প্রজন্মের বিস্তারিত জানা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা লালন করুক। গত কয়েক বছরে তাদের মধ্যে এ চেতনা বিস্তৃত হয়েছে। এক সময় মনে করা হতো, তরুণেরা বোধ হয় মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না; কিন্তু সেটি ভুল প্রমাণ হয়েছে। তারপরও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাঁদের সব কিছু জানাতে হবে। সমাজের সচেতন সব নাগরিকের এটি দায়িত্ব।’
অধ্যাপক আনিসুজ্জামান আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী বা তাদের দোসররা কেউই স্বীকার করে না যে, তারা অন্যায় করেছে। যদিও পাকিস্তানের নাগরিক সমাজের কেউ কেউ বলছেন। তাঁদের কথাও সমাজে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম ও আমরা করব জয় নামে একটি সংগঠন যৌথভাবে এ আলোচনাসভার আয়োজন করে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের আহ্বায়ক শওকত বাঙ্গালীর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের নেতা সাইফুদ্দিন খালেদ, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন ও কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল উপস্থিত ছিলেন।