তরুণদের কাছে রাখা নির্বাচনী অঙ্গীকার পূরণের আহ্বান
তরুণদের কাছে রাখা নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শনিবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়।‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ শীর্ষক স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ কর্মসূচি পালিত হয়। টিআইবির তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত ঢাকা ইয়েস (ইয়ুথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট) গ্রুপসহ বিভিন্ন স্তরের তরুণেরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তরুণেরাই সমাজ ও দেশের পরিবর্তনের শক্তির আধার হিসেবে কাজ করে। তাই তাদের মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রতি আকৃষ্ট হয়ে বিগত জাতীয় নির্বাচনে বেশির ভাগ তরুণই তাদেরকে ভোট দিয়েছিল। সরকার প্রথম দিকে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল। তবে অনেক অঙ্গীকার এখনো তারা বাস্তবায়ন করতে পারেনি। প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।