
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় চলছে তুমুল বিতর্ক। দক্ষিণ-পূর্ব এশিয়াতে ট্রানজিট-সুবিধার বিষয়ে কিছুতেই একমত হতে পারছেন না রাষ্ট্রনেতারা। ওদিকে আরেকটি কক্ষে অর্থনৈতিক কমিটির সভায় বিতর্ক চলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক নিয়ে। বাস্তবে না হলেও, এমনই সব দৃশ্যের অবতারণা হয়েছিল বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস (বান মুন) ২০১৩-এর স্কুল-কলেজ পর্যায়ের সম্মেলনে।
গত ২৫ থেকে ২৭ অক্টোবর নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো তরুণ ‘রাষ্ট্রনেতা’দের এই সম্মেলন। ভবিষ্যতে দেশকে এবং একই সঙ্গে বিশ্বকেও নেতৃত্ব দিতে তাঁরা প্রস্তুত, সেই প্রত্যয় দেখা গেল তরুণ তুর্কিদের মেধা ও মননে।
মরক্কোর হয়ে জাতিসংঘের অর্থনৈতিক কমিটিতে অংশ নিয়েছেন তানজিনা তাইমুর। তাঁর কণ্ঠে শোনা গেল উচ্ছ্বাস, বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবার সঙ্গে নিজের মতামত প্রকাশ করতে পেরে দারুণ খুশি। তার আনন্দ আরও বেড়ে গেল এই কমিটিতে সেরা পজিশন পেপারের পুরস্কার পাওয়ার পর। একই আনন্দ অরুণিমা ভট্টাচার্যের চোখেও। রিফিউজিবিষয়ক হাইকমিশনের সভায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তিনি জিতে নিয়েছেন অনারেবল ম্যানশন। ইউনেসকোর সভায় সেরা কূটনীতিকের পুরস্কারটি পেয়েছেন কানাডার হয়ে অংশ নেওয়া মোহাম্মাদ আবির আহমেদ রিদওয়ান। এমন অনেক স্বপ্নবাজের মিলনমেলা হয়ে উঠেছিল এবারের বানমুন সম্মেলনে। আলিফ, ফাইয়ায, রিফাত, সাইফ, সাদমান, তন্ময়, সাদিয়া—ভবিষ্যৎ নেতারা কথা দিয়েছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাঁদের অনেকেই স্বপ্ন দেখেন বিশ্বসভায় একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।
আলিফ, ফাইয়ায, রিফাত, সাইফ, সাদমান, তন্ময়, সাদিয়া—ভবিষ্যৎ নেতারা কথা দিয়েছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
দুবার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত বানমুন সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তরুণদের উৎসাহ জোগাতে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীর প্রাণবন্ত পদচারণে তিন দিন মুখর ছিল নটর ডেম কলেজ প্রাঙ্গণ। কূটনীতি চর্চার আসরটা শেষ দিনে হয়ে উঠেছিল বন্ধুত্বের মিলন মেলা। আসর শেষে তাই সবার মন খারাপ হলেও নতুন অনেক বন্ধু পেয়ে খুশি সবাই। আসছে বছর আবার একই আসরে মিলিত হওয়ার কথা দিয়ে তারা বিদায় বলেছে বানমুনের দ্বিতীয় আসরকে।
সভার আয়োজক জাতিসংঘের যুব ও শিক্ষার্থী সংঘ, বাংলাদেশ (ইউনিস্যাব) এই সভাটিকে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছে।