তরুণদের ক্যারিয়ার গড়তে শেখায় ট্রান্সকম ফুডস
ট্রান্সকম ফুডস শুধু সুস্বাদু ও মুচমুচে খাবার বিক্রিই করে না, এটি তরুণদের উদ্যোক্তা হতেও শেখায়। এ দেশের তরুণেরা কেএফসি ও পিৎজা হাটে কাজ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানে অথবা প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও সফল কর্মজীবন তৈরি করে নিতে পারেন।
কেএফসির ধানমন্ডি আউটলেটে এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রান্সকমের প্রধান পরিচালন কর্মকর্তা অমিত দেব থাপা। প্রতিষ্ঠানটির তরুণ কর্মীদের উজ্জীবিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে ট্রান্সকম ফুডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘আমরা গ্রাহকদের অনেক গুরুত্ব দিই। তাঁরাই আমাদের সব। তাই আমরা সব সময় আমাদের কর্মীদেরও সেভাবেই দিকনির্দেশনা দিয়ে থাকি।’
অনুষ্ঠানে কেএফসি ও পিৎজা হাটের বিভিন্ন আউটলেটের ব্যবস্থাপকেরা তরুণ কর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, গ্রাম থেকে প্রথম ঢাকায় এসে এই শহর সম্পর্কে তাঁর খুব একটা ধারণা ছিল না। নতুন পরিবেশে তাঁর খাপ খাওয়াতে একটু কষ্ট করতে হয়। তিনি বলেন, ‘ব্যক্তিগত শিষ্টাচারের উন্নতি কীভাবে করতে হয় তা পিৎজা হাটে এসেই শিখেছি। এখানে এসেই শিখতে পেরেছি কীভাবে অতিথিদের সম্মানের সঙ্গে আপ্যায়ন করতে হয়।’
ট্রান্সকম ফুডস হচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়াম ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি। ট্রান্সকম গ্রুপের অধীনে ট্রান্সকম ফুডসের ২০টি কেএফসি আউটলেট ও ১৬টি পিৎজা হাট আউটলেট আছে। সব মিলিয়ে ১ হাজার ৩০০ জন এসব আউটলেটে কাজ করছেন। ট্রান্সকম ফুডস এ পর্যন্ত ১০ হাজার তরুণকে কাজ করার সুযোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপসাধারণ ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) কাজী মোহাম্মদ জাফরুল্লাহ। তিনি বলেন, তাঁরা শিক্ষার্থীদের প্রতি যত্নশীল ও প্রশিক্ষণ দিয়ে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেন।