তরুণদের ক্ষমতায়নে অ্যাকশনএইডের বিশেষ উদ্যোগ
তরুণদের সাংগঠনিক সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ‘গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। গতকাল রোববার অ্যাকশনএইড বাংলাদেশের গুলশান কার্যালয়ে এ উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণেরা অংশ নেন।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে জ্ঞানের আদান-প্রদান ও নতুন বিষয়ে গবেষণামূলক ধারণা দিতে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ, প্রশিক্ষণের মাধ্যমেই তরুণদের সক্রিয় এবং সফল মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
অ্যাকশনএইড বিশ্বের নয়টি দেশে তরুণদের নিয়ে এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছে। বাংলাদেশ দশম দেশ হিসেবে এই কাজের সঙ্গে যুক্ত হলো। ফলে অন্য দেশগুলোর অভিজ্ঞতা এখানে কাজে লাগানো যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, ‘বাংলাদেশের যেকোনো ঐতিহাসিক ঘটনায় এ দেশের যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আছে এবং থাকবে। তারা যাতে অবিচার, অন্যায়কে রুখে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সে জন্য এ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তোলা হবে।’
এই প্রকল্পের ব্যবস্থাপক লিয়া গাফনি বলেন, ‘এই প্ল্যাটফর্ম হবে বাংলাদেশের তরুণ ও তাদের সংগঠনের অভিজ্ঞতা দেওয়া-নেওয়ার জায়গা।’ বিজ্ঞপ্তি।