তরুণদের ক্ষমতায়নে একশনএইডের বিশেষ উদ্যোগ
সাংগঠনিক কর্মকাণ্ডে তরুণদের সক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ। এর অংশ হিসেবে সংস্থাটি আজ রোববার ঢাকায় ‘গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ’ নামে একটি প্রকল্প উদ্বোধন করেছে।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে জ্ঞানের আদান-প্রদান ও নতুন বিষয়ে গবেষণামূলক ধারণা দিতে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে।
একশনএইড বিশ্বের নয়টি দেশে তরুণদের নিয়ে এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছে। বাংলাদেশ দশম দেশ হিসেবে এই কাজের সঙ্গে যুক্ত হলো। ফলে অন্য দেশগুলোর অভিজ্ঞতা এখানে কাজে লাগানো যাবে।
আজ একশনএইড বাংলাদেশের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণেরা যোগ দেন। তাঁরা গ্লোবাল প্ল্যাটফর্মের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণে অংশ নেবেন। এর মাধ্যমে তরুণেরা নিজ সম্প্রদায়ের মৌলিক সামাজিক পরিবর্তন আনতে পথ-প্রদর্শকের মতো কাজ করতে পারবে। এ ছাড়া সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য জাতীয় প্রচারাভিযানগুলোতেও অংশগ্রহণ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, ‘বাংলাদেশের যেকোনো ঐতিহাসিক ঘটনায় এ দেশের যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আছে এবং থাকবে। তারা যাতে অবিচার, অন্যায়কে রুখে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে জন্য এ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তোলা হবে।’
এই প্রকল্পের ব্যবস্থাপক লিয়া গাফনি বলেন, ‘এই প্ল্যাটফর্ম হবে বাংলাদেশের তরুণ ও তাদের সংগঠনের অভিজ্ঞতা দেওয়া-নেওয়ার জায়গা।’