তরুণদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করার আশ্বাস সোলায়মানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের জন্য খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠ। গতকাল শুক্রবার বিকেলে হোটেল র্যা ডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
আইডিয়া বিল্ডার্স অব বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন একজন মেয়র প্রার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে প্রশ্নোত্তরমূলক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তরুণদের প্রশ্নের জবাবে সোলায়মান আলম শেঠ জানান, তিনি নির্বাচিত হলে শহরের উন্নয়ন কার্যক্রম সমন্বয় করার জন্য নগর সরকার চালু করা হবে। এ ছাড়া চট্টগ্রামের পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা নেওয়া হলে টাকা পাওয়া যাবে।
এক প্রশ্নের জবাবে এই মেয়র পদপ্রার্থী বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন করে তিন-চারটি খাল খনন করতে হবে। নালা-নর্দমা ও খালগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। দু-এক বছর আন্তরিকতা নিয়ে কাজ করলে জলাবদ্ধতা অনেক কমে যাবে।
নির্বাচিত হলে তরুণদের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে সোলায়মান আলম শেঠ বলেন, নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে সিটি করপোরেশনের বিভিন্ন কাজে ৫০ জন করে তরুণকে সম্পৃক্ত করা হবে।