তরুণদের চাই কাজ করা পাঞ্জাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নিউমার্কেটের একটি দোকান থেকে পছন্দের পাঞ্জাবি বাছাই করছেন ক্রেতারা ষ প্রথম আলো
চট্টগ্রামের নিউমার্কেটের একটি দোকান থেকে পছন্দের পাঞ্জাবি বাছাই করছেন ক্রেতারা ষ প্রথম আলো

হূদয় খান, তপন মাহমুদ, ইয়াসির আরাফাত। তারা সবাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র। আরও কয়েকজন বন্ধুকে নিয়ে তারা এসেছে ঈদের কেনাকাটা করতে স্যানমার ওশান সিটিতে। হূদয় বলল, ‘ভালো কাজ করা একটা পাঞ্জাবির খোঁজ করছি।’
ঈদে ছেলেদের কেনাকাটার তালিকায় আর যাই থাকুক, একটা পাঞ্জাবি থাকা চাই-ই। নানা রং, নকশা আর কারুকাজে এবারের পাঞ্জাবিতে এসেছে বৈচিত্র্য। পছন্দেও দেখা যাচ্ছে ভিন্নতা। কারও পছন্দ লং, কারও বা শর্ট। তবে দুটোই চলছে সমানে সমান।
স্যানমারের ক্যাটস আইয়ের ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন বলেন, ‘আমাদের ঝুটপুরি পাঞ্জাবি বেশি চলছে। দাম পড়ছে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের নিউমার্কেট, লালখান বাজার, আমীন সেন্টার, রিয়াজউদ্দিন বাজার, ষোলশহরের আড়ং ও নাসিরাবাদ আফমি প্লাজা ঘুরে দেখা যায় বিভিন্ন বুটিক ও ব্র্যান্ড দোকানগুলোতে ছেলে ক্রেতাদের ভিড়। তবে দামের কারণে অনেকেই পছন্দের পোশাকটি কিনতে পারছে না। বাধ্য হয়ে সামর্থ্যের মধ্যে থেকেই শখ পূরণ করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিব হোসেন অনেকটা আফসোস করেই বললেন, ‘পছন্দ হলেও ব্র্যান্ডের পোশাকের দাম ধরাছোঁয়ার বাইরে।’ তিনি নিউমার্কেটে এসেছিলেন ব্র্যান্ডের পাঞ্জাবি কিনতে। এখানে রেভলন, শৈল্পিক, উয়িন্ড উড, বাঙালিবাবু, ক্র্যাফট ক্যাসল, জেন্টেল পার্ক, রিচ ম্যান, হান্ডিবাজার, খাকি, মুন ওয়াকার প্রভৃতি ব্র্যান্ডের দোকান রয়েছে। তরুণদের ভিড়ও বেশি। এসব দোকানে পাঞ্জাবির পাশাপাশি শার্ট, টি-শার্ট, ফতুয়া, জিনস প্যান্টেরও বিশাল সংগ্রহ রয়েছে।
ক্র্যাফট ক্যাসলের স্বত্বাধিকারী মো. জিয়াউর রহমান বলেন, ‘আমাদের শার্ট কলারের ‘সিং স্ক্রিং’ পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। এর দাম রাখা হচ্ছে তিন হাজার ৫০ টাকা।’
কোতোয়ালি মোড়ের কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে খাদির পাঞ্জাবি। খাদিমহলের টিটন নন্দী জানালেন, ৮০০ থেকে এক হাজার ৭০০ টাকা দামের খাদির শর্ট পাঞ্জাবির চাহিদা বেশি।
পাঞ্জাবি তো হলো। এবার চাই মানানসই জিনস প্যান্ট। তরুণদের আকর্ষণ ব্র্যান্ডের জিনস প্যান্টের প্রতি। রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেনের দোকানগুলোতে পাওয়া যায় বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জিনস প্যান্ট। এক হাজার ২০০ থেকে সাড়ে তিন হাজার টাকায় থাইল্যান্ড, ইতালি ও চীনের বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট পাওয়া যায় এখানে। এর মধ্যে চীনা প্যান্টের প্রতিই তরুণদের বেশি আগ্রহ।
একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী সেলিম সৌরভ জানালেন, এখানে ব্র্যান্ডের প্যান্টের কালেকশন ভালো। তিনি দুটি চীনা ব্র্যান্ডের প্যান্ট কিনেছেন।
আফমি প্লাজার দেশি দশের সাদা কালোতে পাঞ্জাবি কিনতে এসেছেন ব্যাংকার মারুফ হোসেন। তিনি বললেন, ‘আমি প্রতি ঈদে আর কিছু না হোক, একটি পাঞ্জাবি কিনি এবং সেটি যাতে আকর্ষণীয় হয় সেদিকেই খেয়াল রাখি।’ সাদা কালোতে ৬৮০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন নকশার পাঞ্জাবি বিক্রি হচ্ছে। আর ফতুয়া ৪৮০ থেকে দুই হাজার ৬০০, পাজামা ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া জেন্টেল পার্কে এক হাজার ৬৮০ থেকে তিন হাজার ৩৯০ টাকা, হ্যান্ডিবাজারে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ৩৫০ টাকা দামের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। দেশি দশের দেশালে রয়েছে ৭০০ থেকে এক হাজার টাকা এবং রঙে ৬৫০ থেকে সাত হাজার টাকার পাঞ্জাবি। দেশালে ৩৫০ থেকে ৪৫০ টাকা দামের টি-শার্ট ও ফতুয়া পাওয়া যায়। আড়ং বিক্রি করছে ৬০০ থেকে আট হাজার টাকা দামের কটনের পাঞ্জাবি।
রঙের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, তাঁদের পাঞ্জাবি ও টি-শার্টই ভালো চলছে।