তরুণদের জন্য সৃজনশীল পদক্ষেপ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান প্রেক্ষাপটে সন্ত্রাসবাদকে বিবেচনায় নিয়ে তরুণদের জন্য আরও ব্যাপকতর ও সৃজনশীল পদক্ষেপ নিতে বিশ্বসম্প্রদায়কে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গত সোমবার টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামের আলোচনায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ আহ্বান জানান।

‌‘এনশিউরিং দ্যাট নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড: রিচিং দ্য মোস্ট ভালনারেবল’ শীর্ষক প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার স্থায়ী প্রতিনিধি ওহ জুন। আলোচনায় সঞ্চালনা করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার।

আলোচনায় অন্যতম প্যানেল আলোচক শহীদুল হক বলেন, ‌‌‌‌‘সহিংস উগ্রবাদ ও মৌলবাদ তরুণদের প্রভাবিত করায় সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পদক্ষেপ নিতে হবে। বস্তুত নিরাপত্তার প্রেক্ষাপটে, ঝুঁকির ব্যাপারে দীর্ঘদিনের ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে।’

পররাষ্ট্রসচিব ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হিসেবে তরুণ ও অভিবাসী এবং প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে অর্থনৈতিকভাবে সবাইকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর দেন। তাঁর মতে, ঝুঁকির বিষয়টি শুধু দুর্যোগ নয়, ব্যাপক অর্থে এটি রাজনীতি, উন্নয়ন ও নিরাপত্তার পরিপ্রেক্ষিতেও যুক্ত। তাই ব্যাপক অর্থে উন্নয়ন ও নিরাপত্তার প্রেক্ষাপটে তিনি তরুণ, বিশেষ করে কিশোর ও কিশোরীদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের কথা উল্লেখ করে শহীদুল হক বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের কম এবং ২০৩০ সালের মধ্যে মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই হবেন অর্থনৈতিকভাবে সক্রিয় তরুণ, যাঁরা বৈশ্বিক মূল্যবোধ ও উন্নয়নের সঙ্গে যুক্ত হবেন। একই সময়ে বাংলাদেশের জনসংখ্যার ৪৮ শতাংশ বাস করবে শহরগুলোতে। আর শহুরে তরুণদের পারিপার্শ্বিক পরিস্থিতি, আকাঙ্ক্ষা ও মূল্যবোধ হবে ভিন্নতর।