তরুণদের নজরকাড়া উদ্ভাবন

চোখের ইশারায় চলবে হুইল চেয়ার। সামনে কোন প্রতিবন্ধকতা পেলে দশ ইঞ্চি দূরত্বে নিজে থেকে থেমে যাবে। আবার ইশরায় চলতে শুরু করবে। কিন্তু কীভাবে সম্ভব? ইউএসটিসি-র তড়িৎ প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র গিয়াস উদ্দীন ও প্রিয়ম দাশ দিলেন এই সমস্যার সমাধান। ইমেজ প্রসেসিং ও ওয়েবক্যাম কাজে লাগিয়ে শুধুমাত্র মাথা অথবা চোখের ইশারায় কাজ করতে পারে এই হুইলচেয়ার। তাঁদের তৈরি করা এই হুইল চেয়ার পক্ষাঘাতগ্রস্থ রোগী কিংবা জন্মগতভাবে প্রতিবন্ধকতার শিকার যেকোন মানুষের কষ্ট লাঘবে সহযোগিতা করবে।
গিয়াস আর প্রিয়মের এই প্রকল্পটির নাম ‘প্রতিবন্ধীবান্ধব স্বংয়ক্রিয় হুইলচেয়ার’। নগরের কাজির দেউড়ির আউটার স্টেডিয়ামে ২৫ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হয় প্রকল্পটি। প্রতিবন্ধীবান্ধক হুইল চেয়ারের মতো নানা উদ্ভাবনী দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন মেলায় অংশ নেওয়া তরুণ বিজ্ঞানীরা। এতে চট্টগ্রাম ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০টি স্টল ছিল মেলায়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগাম। মেলায় শিক্ষার্থীদের প্রকল্পের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, উপজেলা তথ্য কেন্দ্র, টেলি কমিউনেকেশন, এনজিও, কম্পিউটার প্রতিষ্ঠান, ফিল্যান্সার জোন ও গেমিং অংশ নেয়। এ ছাড়াও বিটিএসএল, বাংলাদেশ রোড টান্সপোর্ট, শিক্ষাঙ্গন ডট কম, সিডিএ, ওয়াসা, ভূমি অফিস, জেলা তথ্য কেন্দ্র, জেলা কারাগার, ফায়ার সাভির্স, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বন্দর কর্তৃপক্ষ, কর্মসংস্থান জনশক্তি, সির্ভিল সার্জন ও মেট্রোপলিটন পুলিশও নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে স্টল দিয়েছে। মেলার পাশাপাশি মাঠে প্রতিদিন চেলছে আলোচনা সভা, সেমিনার, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় প্রতিদিনই নানা বয়সের লোকজন এসেছেন বলে জানান উদ্যোক্তারা। তবে সকালের চেয়ে বিকেলেই জনসমাগম বেশি হয়েছে। মেলায় আরেকটি নজরকাড়া প্রকল্প ছিল ‘স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক রোবট’। এটির উদ্ভাবক চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের তিন শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন, মামুন হোসেন ও সজীব হোসেন। ঘরে বা কারখানায় যেখানেই আগুন লাগুক স্বংয়ক্রিয় পদ্ধতিতে গিয়ে হাজির হবে রোবট এবং সে নিজেই আগুন নিভানোর কাজ শুরু করবে। একটি নির্দিষ্ট স্থানে থাকা সেন্সরের মাধ্যমে রোবট হাজির হয়ে পানি ছিটিয়ে আগুন নিভাবে। এইটি রিমোর্ট কন্টোলের মাধ্যমেও করা যাবে বলে জানায় ইসমাইল হোসেন।
বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণের মইন উদ্দিন তৈরি করেছে ‘রেলওয়ে গেইট কন্টোল সিস্টেম। এই সিস্টেম ব্যবহার করলে ট্রেন আসার আগেই স্বয়ংক্রিয়ভাবে সড়কসমূহ বন্ধ হয়ে যাবে। ট্রেন কতদূরে অবস্থান করছে সেটা রেলওয়ের স্টেশন মাস্টারের কাছে মোবাইল খুদেবার্তার(এসএমএস) পৌঁছে যাবে। যেখানে মানুষ ও গাড়ি যেতে পারবে না।
ডিজিটাল উদ্ভাবনী মেলা কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার (আইসিটি) আবদুল্লাহ আল মনসুর বলেন, ‘২০১০সাল থেকে আমরা এই মেলার আয়োজন করে আসছি।এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে উদ্ভাবনী প্রকল্পকে উৎসাহিত করা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ককে উন্নয়ন ঘটনো। সময় ও খরচ বাঁচানোর লক্ষ্যে এই মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সেবা কেন্দ্রগুলোর স্টল রয়েছে। এসবের মাধ্যমে দর্শনার্থীরা তথ্যসেবা সর্ম্পকে জানতে পারবে। নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলা ও তাদের আবিস্কারগুলো তুলে ধরাই এই মেলার লক্ষ্য।’