তরুণদের নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী৷ এ প্রজন্মের তরুণেরা কি নজরুলের কথা ভাবেন? তাঁর কোন দিকটি তরুণদের আকর্ষণ করে, ভালো লাগে? এ বিষয়ে বলেছেন কয়েকজন ছাত্র ও তরুণ পেশাজীবী৷

প্রেরণার কবি

আফরোজা খাতুন
আফরোজা খাতুন

নজরুলের অন্য সবকিছুর চেয়ে আমার বেশি ভালো লাগে কবিতা ও গান৷ তাঁর বেশির ভাগ গানই আমার শোনা হয়েছে৷ মাঝেমধ্যে গুন গুন করে যে গাই না, তা কিন্তু নয়৷ বিশেষ করে ‘শাওন রাতে যদি’ গানটি আমার খুব প্রিয়৷ এ ছাড়া ছাত্রদের পড়াতে গেলেও নজরুলের উদাহরণ দিই৷ সব মিলিয়ে তাঁকে আমার প্রেরণার কবি মনে হয়৷ তাঁর জীবনাদর্শ আমাদের নতুন পথ দেখায়৷ এটাই আমার ভালো লাগা৷

আফরোজা খাতুন
শিক্ষিকা, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবির ঝাঁকড়া চুল আকর্ষণ করে

মো. রাজু আহমেদ
মো. রাজু আহমেদ

কাজী নজরুল ইসলামের সবকিছুই আমার ভালো লাগে৷ তাঁর দুঃসাহসিকতা, সততা, বিদ্রোহী মনোভাব, পোশাক, একমাথা ঝাঁকড়া চুল—সবই আমার পছন্দ৷ তাঁর স্পষ্টবাদী মনোভাব আমাকে অনুপ্রাণিত করেছে বাস্তব জীবনে৷ আমার বয়স যখন সাত বা আট, তখন থেকেই তাঁর প্রতি আমার মোহ কাজ করেছে৷ তাঁর লেখা আমার প্রিয় কবিতা ‘বিদ্রোহী’৷

মো. রাজু আহমেদ
প্রথম বর্ষ, ভাষাবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

নজরুলের ভাষায় প্রতিবাদ করেছি

মো. মনোয়ার হোসেন
মো. মনোয়ার হোসেন

কাজী নজরুল ইসলাম বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করেছেন৷ তাঁর সংগ্রামী জীবন থেকে অনেক কিছু শেখার আছে৷ শুধু তাই নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কবি তো নজরুলই৷ আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন যতবার প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি, ততবারই ভাষা খুঁজেছি নজরুলের সৃষ্টি থেকে৷ মানুষে মানুষে তফাৎ কমিয়ে আনার জন্য তাঁর ভূমিকা অসাধারণ৷

মো. মনোয়ার হোসেন
ডেপুটি সেক্রেটারি, গবেষণা ও উন্নয়ন সেল, বিজিএমইএ

নজরুলের মানবতাবোধ ও অসাম্প্রদায়িকতা অনুপ্রাণিত করে

ফারাহ্‌ নাজ
ফারাহ্‌ নাজ

কাজী নজরুল ইসলামের ‘আমি হবো সকাল বেলার পাখি’ কবিতা দিয়েই শুরু হয় আমার আবৃত্তিজীবন৷ বিদ্যালয়ে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ছোটদের নজরুল বইটি পেয়েছিলাম৷ তখন থেকেই কবির প্রতি, তাঁর লেখার প্রতি আমার আকর্ষণ, ভালোবাসা গড়ে ওঠে৷ মানবতাবোধ বা অসাম্প্রদায়িকতা আমি বুঝতে পারি তাঁর কবিতা পড়েই৷ নজরুলের এই মানবতাবোধ ও অসাম্প্রদায়িকতা সবচেয়ে ভালো লাগে৷ ‘ওদের জন্য মমতা’ শিশুদের নিয়ে লেখা এই কবিতাটিও আমাকে বাস্তবজীবনে অনুপ্রাণিত করেছে৷ যার কারণে আমি ভবিষ্যতে শিশুবিশেষজ্ঞ হতে চাই৷

ফারাহ্ নাজ
পঞ্চম বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ

তাঁর লেখা মনে হয় এই সময়েরই

ওশিন ঘুর্নি
ওশিন ঘুর্নি

অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় দাঁড়িয়েছেন৷ আমার মনে হয়, আমাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি তিনিই জুগিয়েছেন৷ তাঁর গান, কবিতা তো অসাধারণ৷ যুগ যুগ পার হলেও তাঁর সৃষ্টি পুরোনো হবে না৷ আমাদের আবেগ, ভালোবাসা বোঝানোর জন্য নজরুলকে প্রয়োজন হবেই৷ তাঁর লেখা পড়লে মনে হয়, এই সময়ের লেখা, যেন আমার জন্যই লেখা৷ এ দিকটাই আমার বেশি ভালো লাগে৷

ওশিন ঘুর্নি
তৃতীয় বর্ষ, অণুজীববিজ্ঞান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়৷

চেহারার সারল্য ভালো লাগে

আনিকা সাবাহ্‌
আনিকা সাবাহ্‌

কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম শুনেছিলাম ষষ্ঠ শ্রেণিতে৷ আমার মা আমাকে আবৃত্তি শেখাতেন৷ তিনিই পড়ে শুনিয়েছিলেন৷ কবিতার প্রতিটি শব্দই আমার মন ছঁুয়ে গিয়েছিল৷ আমাদের চারপাশের যেকোনো ঘটনাকে অনেক সহজ ও সুন্দর ভাষায় উপস্থাপন করেছেন কবি নজরুল৷ তাঁর এ গুণটি আমার খুব ভালো লাগে৷ ‘সাম্যবাদী’ পড়ে মনে হয়েছিল, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যাদের চাইলেই আমরা সাহায্য করতে পারি৷ অনুপ্রেরণা পেয়েছি তাঁর ‘বিদ্রোহী’ কবিতা পড়ে৷ তাঁর চেহারায় সারল্য ভালো লাগে৷ পাশাপাশি একটা দুর্দমনীয় চাহনিও আছে৷ আরেকটি বিষয় নজরুলের লেখার মধ্যেই পাই, সেটা হলো শিশু-তরুণ যাদের জন্যই কবিতা লিখেছেন, প্রতিটি শব্দের মধ্যে ফুটিয়ে তুলেছেন সেই বয়সটিই৷ সম্প্রতি পড়ে ভালো লেগেছে ‘অবেলার ডাক’ কবিতাটি৷

আনিকা সাবাহ্
চতুর্থ বর্ষ, স্থাপত্য বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

এখনকার তরুণেরা মনে ধারণ করেন কাজী নজরুল ইসলামকে৷ মডেল: এলভিন, বাপ্পা, রিফা ও সবুজ৷ পোশাক: নিত্যউপহার৷ ছবি: অধুনা৷
এখনকার তরুণেরা মনে ধারণ করেন কাজী নজরুল ইসলামকে৷ মডেল: এলভিন, বাপ্পা, রিফা ও সবুজ৷ পোশাক: নিত্যউপহার৷ ছবি: অধুনা৷