তরুণদের নেতৃত্বে স্বেচ্ছাশ্রম

খালের পাড় দিয়ে চলে গেছে তিন কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা। এর কিছু স্থান খালে ধসে পড়েছে। কিছু স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। বৃষ্টি হলে কাদাপানিতে একাকার। এ অবস্থায় খালের পাড়ের একটি গ্রামের বাসিন্দারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এটি সংস্কারের দাবি জানিয়েছিলেন। কিন্তু সাড়া মেলেনি। তাই তাঁরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার শুরু করেছেন।
স্বেচ্ছাশ্রমে নেতৃত্ব দিচ্ছেন একদল তরুণ। তরুণদের উৎসাহ ও উদ্দীপনায় সব শ্রেণি ও পেশার মানুষ রাস্তা সংস্কারের কাজ করছেন। এ ঘটনা মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কাটানালার পাড় (পশ্চিম বেলাগাঁও) গ্রামের। গতকাল বৃষ্টির মধ্যেই কোদাল-টুকরি হাতে নিয়ে তাঁরা কাজে নেমে পড়েন। গ্রামটিতে ৪০০ পরিবার বাস করে।
এলাকাবাসী জানায়, জুড়ী-কুলাউড়া সড়কের কণ্ঠিনালা সেতুর পশ্চিম পাড় থেকে পশ্চিম বেলাগাঁও গ্রামে যাওয়ার রাস্তার এক পাশ দিয়ে কাটানালার পাড় গ্রামে যেতে হয়। ওই গ্রামে প্রবেশের রাস্তাটি কাটানালার খালের পাড় দিয়ে গেছে। খালের নামানুসারেই গ্রামের নামকরণ হয়েছে। পশ্চিম বেলাগাঁওয়ের রাস্তা থেকে কাটানালার পাড় রাস্তার দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। গর্ত সৃষ্টি হওয়ায় ও বিভিন্ন স্থান ধসে পড়া রাস্তাটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা গেছে, রাস্তার মাঝামাঝি স্থানে ২০-২৫ জন লোক কোদাল দিয়ে পাশের নিচু জমি থেকে মাটি কেটে টুকরিতে ভরছেন। আরও ২০-২৫ জন লোক টুকরি মাথায় করে নিয়ে রাস্তায় মাটি ফেলছেন। তাঁদের মধ্যে ছাত্র, ব্যবসায়ী, কৃষকসহ নানান শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
গ্রামের সামাজিক সংগঠন ‘চিরবসন্ত তরুণ সংঘের’ সভাপতি ও ¯স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী মো. আল আমিন বলেন, কাটানালা খালটি পলিতে ভরাট হয়ে গেছে। এ কারণে বর্ষা মৌসুমে উজান থেকে পাহাড়ি ঢল নেমে খালটি ভরে যায়। এতে কাটানালার পাড়ের রাস্তার বিভিন্ন স্থান তলিয়ে যায়। তখন লোকজন দুর্ভোগে পড়েন। পানি নেমে গেলে শুরু হয় ভাঙন। এ দুর্ভোগ লাঘবে সংগঠনের সদস্যরা গ্রামবাসীকে নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন। বৈঠকে স্বেচ্ছাশ্রমে পুরো রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত হয়। গতকাল সকাল থেকে কাজ শুরু হয়। সপ্তাহের শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা ও শনিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এ কাজ চলবে।
মাথায় টুকরি নিয়ে রাস্তায় মাটি ফেলছিল একাদশ শ্রেণির শিক্ষার্থী লুৎফুর রহমান। এ কাজে নামার কারণ জানতে চাইলে বলল, ‘প্রত্যেক দিন এই রাস্তা দিয়া হেঁটে স্কুল-কলেজে যাই। রাস্তা ঠিক হইলে সুবিধা আমরারই বেশি হইব। তাই সবার সঙ্গে কাজে নামছি।’
জায়ফরনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাছুম রেজা মুঠোফোনে বলেন, ‘রাস্তাটির সংস্কারের জন্য একটি প্রকল্প তৈরি করে এলজিইডির কার্যালয়ে পাঠাব। এ ছাড়া কাটানালার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে।’