তরুণদের প্রতি বাঘার মুক্তিযোদ্ধাদের সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা কলেজ মাঠে জড়ো হন মুক্তিযোদ্ধারা। এ সময় তাঁরা শাহবাগ থেকে শুরু হওয়া গণজাগরণের সূচনাকারী তরুণদের সালাম জানান।সমাবেশের পাশে দাঁড়িয়ে কথা হয় মুক্তিযোদ্ধা আকবর আলীর সঙ্গে। তিনি বলেন, ‘শাহবাগের যে তরুণেরা কাদের মোল্লার ফাঁসির দাবিকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে, মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলাকে নতুন করে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিয়েছে, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তাদের সালাম জানাই।’মুক্তিযুদ্ধের সময় বাঘায় হারুন অর রশিদ সরকারের বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তাঁর সন্তানেরা সপরিবারে সমাবেশে এসেছিলেন। তাঁদের একজন নূরুজ্জামান সরকার বলেন, ‘৪০ বছর ধরে যে বিচার পাইনি, আজ সে বিচার শুরু হয়েছে। কিন্তু বিচারের রায় নিয়ে যেন প্রহসন না হয়, সেই দাবিতে সমাবেশে এসেছি।’ তিনি আরও বলেন, ‘বাংলার মাটিতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হোক।’ এই পরিবারের আরেক সদস্য রাজশাহী কলেজের শিক্ষার্থী সরকার নুসরাত জাহান বলেন, ‘আমরা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু আজ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে মনে করছি। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করে আমরা জাতিকে কলঙ্কমুক্ত করতে চাই।’ পথে পথে বেঞ্জু বাজিয়ে জীবিকা নির্বাহ করেন বাঘার মুক্তিযোদ্ধা আবদুল জলিল। তিনি বলেন, ‘আমরা একাত্তরে যে যুদ্ধ শুরু করেছিলাম, আশা করি, শাহবাগের তরুণ প্রজন্মের হাত ধরে সেই যুদ্ধের শেষ হবে। এই আশায় এই সমাবেশে এসেছি।’ স্কুলশিক্ষক ও বাংলাদেশ বেতারের গীতিকার কলিমুদ্দিন মিঞা বলেন, ‘বাচ্চু রাজাকারের চেয়ে কাদের মোল্লার বেশি সাজা হবে, এটাই প্রত্যাশা ছিল। রায়ে বিস্মিত হয়েছি। শাহবাগের তরুণদের জন্য গর্ব অনুভব করছি, যারা এই গণ-আন্দোলনের সূচনা করেছে।’