তরুণদের বিপথগামিতা থেকে বাঁচাবে প্রকৃতিসম্মত শিক্ষাব্যবস্থা
‘আমাদের পারিবারিক ও সামাজিক জীবন ক্রমাগতভাবে অস্থির হয়ে উঠছে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবেশের অবক্ষয় ঘটছে। আমরা জেনে অথবা না জেনে এই পরিবেশ ধ্বংসকে ত্বরান্বিত করছি। তরুণ-কিশোরদের বিপথগামী হওয়ার পেছনে এটাও একটা বড় কারণ।’
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘বিপথগামী কিশোর-তরুণ ও মনোসামাজিক পরিবেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে পবার নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আরও বলেন, ‘১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি ও ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় দেশবাসী হতবাক ও আতঙ্কিত। উদ্বেগের বিষয় হচ্ছে, এ দুই হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা সবাই তরুণ-কিশোর। বোঝা যাচ্ছে, দেশের তরুণেরা সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে দেশ ও জাতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অনেক সম্ভাবনাময় তরুণপ্রাণ হারিয়ে যাচ্ছে। তাই বর্তমান সময়ের তরুণ-কিশোরদের বিপথগামিতা থেকে রক্ষা করাই আমাদের প্রধান কর্তব্য। এটাই হবে সন্ত্রাসের মূলোৎপাটনের মৌলিক কাজ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুস সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমানসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ৬০ শতাংশই হয়ে থাকে ১৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যে। একই সঙ্গে তাঁরা বলেন, মা-বাবা যদি শিশুর বিকাশ সম্পর্কে আবেগ, মানসিকতা ও ধারণাগতভাবে অপরিপক্ব থাকেন, তাহলে সেই শিশুর বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে।