তরুণদের বিশ্ব সম্মেলনে যাচ্ছেন ৩ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রতিনিধি হয়ে নরওয়ের রাজধানী অসলোতে তরুণদের বিশ্ব সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশি তিন তরুণ। মোবাইল অপারেটর গ্রামীণফোনের মালিকানা প্রতিষ্ঠান টেলিনরের আয়োজনে ‘টেলিনর ইয়ুথ ফোরাম’ শীর্ষক এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) আবরেশমি হক ও সাবাব রহমান।

ঢাকার সোনারগাঁও হোটেলে আজ শনিবার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী বাংলাদেশি তিন তরুণদের নাম ঘোষণা করা হয়। গ্রামীণফোনের নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠী বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেটে লুনডেমো।

বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এ আয়োজন করে টেলিনর। বাংলাদেশসহ বিশ্বের যে ১৩টি দেশে টেলিনরের ব্যবসা আছে সে সব দেশ থেকে তিনজন করে প্রতিযোগী অসলোতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। বাংলাদেশের তিনজন নির্বাচিত করতে প্রাথমিকভাবে দেশের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে সাতজনকে নিয়ে আজকের চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে তিনজনকে নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগের পাশাপাশি বিজয়ীদের জন্য আরেকটি সুখবর হলো অসলোতে এ বছরের শান্তিতে নোবেল জয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানেও তাঁরা অংশ নিতে পারবেন।

এই সাত প্রতিযোগী আজ নিজেদের সাতটি পরিকল্পনার উপস্থাপনা দেন। নরওয়ে যাওয়ার সুযোগ না পেলেও আইবিএর শিক্ষার্থী সায়েম ফারুকের উপস্থাপিত পরিকল্পনাটিই বাস্তবায়নের ঘোষণা দেন গ্রামীণফোনের সিইও রাজিব শেঠী। ভবিষ্যতে তাঁকে গ্রামীণফোনের সঙ্গে কাজ করারও প্রস্তাব দেওয়া হয়।