তরুণদের ভাবনা জানতে এলেন না নাছির, মনজুর
তরুণদের মুখোমুখি হলেন না চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন ও বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। আসেননি আরও দুই মেয়র প্রার্থী।
গতকাল সোমবার সকালে ‘তারুণ্যের ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক নির্বাচনী সংলাপের আয়োজন করে ইউএনডিপি। অনুষ্ঠানে ১২ মেয়র প্রার্থীর মধ্যে আটজন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন জাতীয় পার্টি-সমর্থিত সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্ট-সমর্থিত এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট-সমর্থিত এইচ এম মুজিবুল হক, স্বতন্ত্র প্রার্থী মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, সৈয়দ সাজ্জাদ জোহা, মো. শফিউল আলম, মো. আলাউদ্দিন চৌধুরী ও সাইফুদ্দিন আহমেদ।
এর আগে রোববার সুজন আয়োজিত ‘জনগণের মুখোমুখি মেয়র প্রার্থী’ অনুষ্ঠানেও যোগ দেননি মনজুর ও নাছির।
তবে নাছির ও মনজুর উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি সংস্থা ইপসার প্রোগাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘এখানে যাঁরা আসেননি, তাঁরা হয়তো আমাদের ভোট চান না।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। স্বাগত বক্তব্যে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস বলেন, দেশের একটি বড় অংশ তরুণ সমাজ। তাদের যথাযথ ব্যবহারের ওপর এ দেশের উন্নতি নির্ভর করছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত প্রত্যেক মেয়র প্রার্থীকে চট্টগ্রাম নগর নিয়ে নিজেদের ভাবনা বলার জন্য তিন মিনিট সময় দেওয়া হয়। এ সময় অধিকাংশ প্রার্থী নগর ব্যবস্থাপনার জন্য নগর সরকারব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন। এ ছাড়া জলাবদ্ধতা ও যানজট নিরসনেও পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রার্থীরা। সিটি করপোরেশনকে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাখার আশ্বাস দেন তাঁরা। পাশাপাশি নারী ও প্রতিবন্ধীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে জন্য উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নগর ব্যবস্থাপনায় তরুণদের সহযোগিতা নেওয়ার ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে নিজের পরিকল্পনা বলতে গিয়ে মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘যাঁরা অরিজিনাল মেয়র নির্বাচিত হবেন, তাঁরা কেউ এখানে নেই। তবে এতে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমি যদি মেয়র হতে পারি, তাহলে জলাবদ্ধতা ও মাদকমুক্ত চট্টগ্রাম উপহার দিব। অবশ্য কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়।’
মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ বলেন, ‘আমি কথায় নয় কাজে বিশ্বাসী। চট্টগ্রামকে একটি সুস্থ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
এইচ এম মুজিবুল হক বলেন, নগরের যানজট নিরসনে মনোরেল চালু করা হবে। প্রতিবারই জলাবদ্ধতা নিরসনকে প্রাধান্য দিয়ে ইশতেহার দেওয়া হলেও এখনো পর্যন্ত কেউ তা করতে সক্ষম হননি।
আরেক প্রার্থী মো. শফিউল আলম বলেন, চট্টগ্রাম অপরিচ্ছন্ন নগর। যা অত্যন্ত লজ্জাজনক ও বিদেশি বিনিয়োগের অন্তরায়। সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য নগর সরকার গঠন করা হবে।
প্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা বলেন, নগরের বিদ্যুৎ সমস্যা সমাধানে সিটি করপোরেশনের অধীনে নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে।
ইসলামী ফ্রন্ট-সমর্থিত প্রার্থী এম এ মতিন বলেন, নগরবাসীকে যদি মানবিক জীবন দেওয়া না হয়, তাহলে চট্টগ্রামকে সিঙ্গাপুর, লন্ডন বানিয়ে লাভ নেই।
প্রার্থী ওয়ায়েজ হোসেন ভূঁইয়া বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে প্রত্যেক নির্বাচনের আগে আমরা হাজার হাজার ইশতেহার দেখেছি। কিন্তু ক্ষমতায় গেলে কেউ আর ইশতেহারের ধারেকাছেও যান না। বাস্তবিকভাবে কাজ করলে অত ইশতেহার লাগে না।
মো. আলাউদ্দিন চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ পরিকল্পনা প্রণয়ন করা হবে। ভাসমান মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।
তরুণদের প্রশ্নের জবাবে সাইফুদ্দিন আহমেদ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য নগর সরকার চালু করা হবে।
দর্শকদের প্রশ্নের জবাবে এম এ মতিন বলেন, প্রশাসনিক দুর্বল ব্যবস্থার কারণেই নগরের যত্রতত্র গাড়ি পার্কিং করা হয়, দোকান বসানো হয়, ভবনের নির্মাণসামগ্রী রাখা হয়।